গরমে গোসলে শান্তি পেতে ব্যবহার করুন বাথ সল্ট

গরমের দিনে গোসল যেন শুধু শরীর পরিষ্কারের বিষয় নয়, বরং কিছুটা স্বস্তি ফিরে পাওয়ারও উপায়। সারাদিনের কাজ, মানসিক চাপ, ক্লান্তি আর ঘাম—সব মিলিয়ে শরীর যখন ভারী হয়ে আসে, তখন কুসুম গরম পানিতে কিছুক্ষণ গোসল অনেকের কাছেই আরামদায়ক মনে হয়। সেই গোসলের পানিতে বাথ সল্ট যোগ করার প্রবণতাও এখন বেশ জনপ্রিয়।
বাথ সল্ট মূলত গোসলের পানিতে ব্যবহারের জন্য তৈরি বিশেষ ধরনের লবণ। সাধারণত এতে এপসম সল্ট, সমুদ্রের লবণ বা অন্যান্য লবণের সঙ্গে সুগন্ধি তেল, শুকনো ভেষজ কিংবা ত্বক পরিচর্যার কিছু উপাদান মেশানো থাকে। এগুলোর উদ্দেশ্য হতে পারে শরীরকে আরাম দেওয়া, ত্বককে মসৃণ অনুভূতি দেওয়া কিংবা গোসলের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তোলা। তবে বাজারে পাওয়া সব বাথ সল্টের দাবি এক নয়। কিছু পণন্যের সঙ্গে আধ্যাত্মিক বা জ্যোতিষসংক্রান্ত বিশ্বাসও জড়িয়ে আছে। যেমন ‘এভিল আই’ বা ‘জলি জুপিটার’ বাথ সল্ট। এগুলো ব্যবহারের উদ্দেশ্য মূলত ব্যক্তিগত বিশ্বাস ও আধ্যাত্মিক ধারণার সঙ্গে সম্পর্কিত।
এভিল আই বাথ সল্ট
‘এভিল আই’ বা বদনজরের ধারণা বহু সংস্কৃতিতে প্রচলিত। এই বিশ্বাস থেকে নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের আচার ও উপকরণ ব্যবহার করা হয়। এভিল আই বাথ সল্টও তেমনই একটি পণ্য। সাধারণত এ ধরনের বাথ সল্টে লবণের সঙ্গে রোজমেরি, তুলসী, ইউক্যালিপটাস কিংবা ল্যাভেন্ডারের মতো ভেষজ বা সুগন্ধি উপাদান থাকে। এগুলোকে অনেক সংস্কৃতিতে শুদ্ধিকরণ বা সুরক্ষার প্রতীক হিসেবে দেখা হয়। তবে নেতিবাচক শক্তি দূর করার মতো দাবির বৈজ্ঞানিক প্রমাণ নেই।
বাড়িতেই তৈরি করতে চাই
উপকরণ:
হিমালয়ান সল্ট ২ কাপ, এপসম সল্ট আধা কাপ, রোজমেরি, তুলসী বা ইউক্যালিপটাসের মতো শুকনো ভেষজ ২–৩ ধরনের, ল্যাভেন্ডার বা সিডার এসেনশিয়াল অয়েল ১৫–২০ ফোঁটা এবং জোজোবা বা নারকেল তেল ১ টেবিল চামচ। চাইলে সামান্য নীল ফুড কালার ব্যবহার করা যেতে পারে।
প্রণালি:
একটি পরিষ্কার ও শুকনো পাত্রে হিমালয়ান সল্ট ও এপসম সল্ট ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এসেনশিয়াল অয়েল ও ক্যারিয়ার অয়েল যোগ করুন। সবশেষে শুকনো ভেষজ মিশিয়ে বায়ুরোধী কাচের জারে সংরক্ষণ করুন। জারটি ঠান্ডা ও শুষ্ক জায়গায় রাখাই ভালো।
ব্যবহার:
বাথটাবের পানিতে আধা থেকে এক কাপ বাথ সল্ট মিশিয়ে ১৫–২০ মিনিট শরীর ভিজিয়ে রাখা যায়। বাথটাব না থাকলে বালতির পানিতেও অল্প পরিমাণ বাথ সল্ট মিশিয়ে গোসল করা যায়।
অনেকে এ ধরনের গোসলের সময় ধ্যান বা ইতিবাচক কল্পনার চর্চা করেন। এতে মানসিকভাবে প্রশান্তি অনুভব হতে পারে। তবে এটিকে আধ্যাত্মিক বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ‘নেতিবাচক শক্তি দূর করার’ পদ্ধতি হিসেবে দেখা ঠিক নয়।
উপকরণগুলোর ভূমিকা কী?
এপসম সল্ট: এতে ম্যাগনেশিয়াম সালফেট থাকে। পানিতে মিশিয়ে ব্যবহার করলে আরামদায়ক অনুভূতি দিতে পারে। তবে ত্বকের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ ম্যাগনেশিয়াম শোষিত হয়ে নানা স্বাস্থ্যসমস্যা সারিয়ে দেয়—এমন দাবির পক্ষে শক্ত প্রমাণ নেই।
হিমালয়ান সল্ট: মূলত এক ধরনের লবণ। বাথ সল্টে এটি ব্যবহৃত হয় গোসলের অভিজ্ঞতা ও টেক্সচারের জন্য।
ভেষজ: রোজমেরি, তুলসী বা ইউক্যালিপটাসের মতো উপাদান সুগন্ধ ও সতেজ অনুভূতি দিতে পারে।
এসেনশিয়াল অয়েল: গোসলের পানিতে সুগন্ধ যোগ করে এবং আরামদায়ক পরিবেশ তৈরি করতে সাহায্য করতে পারে।
ক্যারিয়ার অয়েল: ত্বকের শুষ্কতা কমাতে সহায়ক হতে পারে।
জলি জুপিটার বাথ সল্ট
এবার একটু অন্য ধরনের বিশ্বাসের কথা। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি বা জুপিটারকে সমৃদ্ধি, সম্প্রসারণ, জ্ঞান ও সৌভাগ্যের সঙ্গে যুক্ত করা হয়। সেই ধারণা থেকেই তৈরি হয়েছে ‘জলি জুপিটার’ ধরনের বাথ সল্ট। এ ধরনের বাথ সল্টে সাধারণত এপসম সল্ট, হিমালয়ান সল্ট, বেকিং সোডা এবং কমলা, লেবু বা আঙুরের মতো সাইট্রাস ঘ্রাণের এসেনশিয়াল অয়েল ব্যবহার করা হয়। বেগুনি রংও অনেক সময় ব্যবহার করা হয়, যা জ্যোতিষ ও আধ্যাত্মিক প্রতীকের সঙ্গে যুক্ত।
ঘরে তৈরির সহজ পদ্ধতি
উপকরণ:
এপসম সল্ট দেড় কাপ, হিমালয়ান সল্ট আধা কাপ, বেকিং সোডা এক-চতুর্থাংশ কাপ, কমলা, লেবু বা আঙুরের এসেনশিয়াল অয়েল ১০–২০ ফোঁটা এবং জোজোবা, কাঠবাদাম বা নারকেল তেল ১ টেবিল চামচ। বেগুনি ফুড কালার ব্যবহার করা যেতে পারে, তবে এটি সম্পূর্ণ ঐচ্ছিক।
প্রণালি:
একটি পরিষ্কার পাত্রে সব ধরনের লবণ ও বেকিং সোডা মিশিয়ে নিন। এরপর এসেনশিয়াল অয়েল ও ক্যারিয়ার অয়েল যোগ করে ভালোভাবে মেশান। চাইলে অল্প ফুড কালার যোগ করা যায়। তৈরি মিশ্রণটি বায়ুরোধী কাচের পাত্রে রেখে ঠান্ডা ও শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন।
ব্যবহার:
গোসলের পানিতে প্রায় আধা কাপ মিশিয়ে লবণ গলে যাওয়ার পর গোসল করা যায়।
বাথ সল্ট ব্যবহারে সতর্কতাও জরুরি
বাথ সল্ট মানেই যে সবার ত্বকের জন্য নিরাপদ—এমন নয়। বিশেষ করে এসেনশিয়াল অয়েল ও সুগন্ধি উপাদানে কারও কারও ত্বকে জ্বালা, চুলকানি বা অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে। তাই প্রথমবার ব্যবহারের আগে অল্প পরিমাণ দিয়ে ত্বকের প্রতিক্রিয়া দেখা ভালো।
কাটা, ক্ষত বা জ্বালাযুক্ত ত্বকে বাথ সল্ট ব্যবহার না করাই নিরাপদ। চোখ ও সংবেদনশীল স্থানে যেন মিশ্রণ না লাগে, সেদিকেও খেয়াল রাখতে হবে। আর গোসলের পানি খুব গরম না করে কুসুম গরম রাখাই ভালো—বিশেষ করে গরমের দিনে।
বাজারে ‘হিলিং হ্যাভেন’, ‘মানি ম্যাগনেট’সহ নানা নামের বাথ সল্ট পাওয়া যায়। নামের সঙ্গে জড়িয়ে থাকা আধ্যাত্মিক বা সৌভাগ্যবিষয়ক দাবিগুলোকে বিশ্বাসের অংশ হিসেবেই দেখা উচিত। তবে মনকে একটু শান্ত করা, সুগন্ধি পরিবেশ তৈরি করা কিংবা গোসলের অভিজ্ঞতাকে আরামদায়ক করে তোলার জন্য বাথ সল্ট হতে পারে একটি সুন্দর স্ব-যত্নের অনুষঙ্গ।



