৮ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২৪ ভাদ্র ১৪৩৩
নারী

নারীবাদী অধিকারকর্মী গ্লোরিয়া স্টেইনেম মা’রা গেছেন

2026-09-03T102206Z_65824530_RC2MBNAY2CPW_RTRMADP_3_PEOPLE-GLORIA-STEINEM

যুক্তরাষ্ট্রের নারীমুক্তি ও সমঅধিকার আন্দোলনের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব গ্লোরিয়া স্টেইনেম মারা গেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) নিউইয়র্কে নিজ বাসভবনে ৯২ বছর বয়সে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্টেইনেমের প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে ফাউন্ডেশন জানায়, নিউইয়র্কের বাড়িতে প্রিয়জনদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে নারীদের অধিকার ও লিঙ্গসমতা প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলেন স্টেইনেম।

সমলিঙ্গের বিয়ের বৈধতা, নারীদের সমান অধিকার এবং সমান মজুরির পক্ষে তিনি সোচ্চার ছিলেন। একই সঙ্গে মৃত্যুদণ্ড ও নারীদের খৎনার মতো প্রথার বিরুদ্ধেও অবস্থান নিয়েছিলেন।
স্টেইনেম ছিলেন একজন লেখক, সাংবাদিক ও সাময়িকী সম্পাদক। নারীর প্রতি বৈষম্য দূর করার লক্ষ্য নিয়ে পাঁচ দশকেরও বেশি আগে তিনি ‘উইমেনস অ্যাকশন অ্যালায়েন্স’ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৭০-এর দশকে নিউইয়র্কে সাংবাদিকতা দিয়ে তার পেশাজীবন শুরু হয়। পরে তিনি ‘মিস’ সাময়িকী সহপ্রতিষ্ঠা করেন। সে সময় নারীদের জীবনকে শুধু ঘরসংসার ও সৌন্দর্যচর্চার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত নানা বিষয় তুলে ধরার ক্ষেত্রে সাময়িকীটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

১৯৭০-এর দশকে নারীদের প্রজনন অধিকার নিয়ে গড়ে ওঠা আন্দোলনেও স্টেইনেম ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠ। জীবনের দীর্ঘ সময় তিনি নারীর অধিকার, সমতা ও বিভিন্ন সামাজিক ন্যায়ের প্রশ্নে সক্রিয়ভাবে কাজ করে গেছেন।