মানসিক শক্তি ক্ষয়ে যাচ্ছে? নিজেকে সামলে রাখতে করুন ৫ কাজ

সবকিছু ঠিকঠাক থাকার পরও কখনো কখনো মনটা কেমন যেন ভার হয়ে থাকে। মানুষের ভিড়ের মধ্যেও একাকিত্ব ঘিরে ধরে, ছোটখাটো ঘটনাও অসহ্য মনে হয়, আর প্রতিদিনের স্বাভাবিক কাজগুলো করতেও যেন আগের চেয়ে বেশি শক্তি খরচ হয়। দীর্ঘদিনের দুশ্চিন্তা, সম্পর্কের টানাপোড়েন, কর্মক্ষেত্রের চাপ কিংবা চারপাশের নেতিবাচক পরিবেশ—সবকিছু মিলিয়েই ধীরে ধীরে তৈরি হতে পারে মানসিক ক্লান্তি।
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগের সুযোগ বেড়েছে ঠিকই, কিন্তু গভীর ও আন্তরিক যোগাযোগ অনেক ক্ষেত্রেই কমেছে। ‘লাইক’, ‘কমেন্ট’ কিংবা ছোট্ট একটি ইমোজি দিয়ে প্রতিদিনের যোগাযোগ শেষ হলেও মনের কথা বলার মতো মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠতে পারে।
তবে মানসিক শক্তি ধরে রাখার জন্য সবসময় বড় কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না। প্রতিদিনের কিছু সচেতন অভ্যাসই আপনাকে মানসিকভাবে আরও স্থির থাকতে সাহায্য করতে পারে। নিজের ভেতরের শান্তি ও শক্তি ধরে রাখতে চেষ্টা করতে পারেন এই পাঁচটি উপায়ে।
১. অন্যের নেতিবাচকতা নিজের মধ্যে জমতে দেবেন না
কেউ খারাপ আচরণ করলেই তার প্রভাব নিজের ওপর দীর্ঘসময় ধরে বয়ে বেড়ানোর প্রয়োজন নেই। অন্যের রাগ, হতাশা কিংবা কটু কথার পেছনে তার নিজের ব্যক্তিগত সমস্যা থাকতে পারে। তাই প্রতিটি নেতিবাচক আচরণকে নিজের বিরুদ্ধে আক্রমণ হিসেবে দেখলে মানসিক চাপ আরও বাড়তে পারে।
কোনো পরিস্থিতি আপনাকে অস্বস্তিতে ফেললে নিজেকে মনে করিয়ে দিন—অন্যের আচরণ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু তার প্রতি নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারবেন।
নিজেকে শান্ত রাখার জন্য একটি ইতিবাচক বাক্যও বেছে নিতে পারেন। যেমন—‘আমি অপ্রয়োজনীয় নেতিবাচকতায় জড়াব না’, ‘আমি আমার মানসিক শান্তিকে অগ্রাধিকার দিচ্ছি’ কিংবা ‘অন্যের আচরণ আমার মূল্য নির্ধারণ করে না।’ মনে রাখুন, নিজের মানসিক শক্তি কোথায় ব্যয় করবেন, সেই সিদ্ধান্ত আপনার।
২. অন্যের জন্য ভালো কিছু করুন
মন খারাপ বা মানসিকভাবে বিপর্যস্ত থাকার সময় নিজের চারপাশের দিকে একটু মনোযোগ দেওয়া অনেক সময় দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। কাউকে সাহায্য করা, কারও পাশে দাঁড়ানো কিংবা নিঃস্বার্থভাবে ভালো কিছু করা নিজের মধ্যেও ইতিবাচক অনুভূতি তৈরি করতে পারে। এর জন্য বড় কোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজন নেই। কর্মক্ষেত্রে কোনো সহকর্মীর কাজে সহযোগিতা করা, বয়স্ক প্রতিবেশীর প্রয়োজনীয় জিনিস এনে দেওয়া, দরিদ্র কাউকে পোশাক দেওয়া কিংবা কাউকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো—এসব ছোট কাজও গুরুত্বপূর্ণ।
কাউকে দেখে হাসা, দরজা খুলে দেওয়া বা তার ভালো কোনো কাজের প্রশংসা করাও হতে পারে ইতিবাচকতার প্রকাশ। মানুষের জন্য কিছু করার মধ্য দিয়ে আমরা অনেক সময় নিজেদের সমস্যার বাইরেও পৃথিবীকে দেখতে শেখি।
৩. প্রকৃতির কাছে কিছুটা সময় কাটান
প্রকৃতির সঙ্গে সময় কাটানো মনকে ধীর করার একটি সহজ উপায় হতে পারে। ব্যস্ততার ফাঁকে পার্কে হাঁটা, গাছপালার পাশে কিছুক্ষণ বসে থাকা, বাগানে পানি দেওয়া কিংবা পাখিদের খাবার দেওয়ার মতো ছোট কাজও মন ভালো করতে পারে। সম্ভব হলে কিছুক্ষণ খোলা আকাশের নিচে থাকুন। ঘাসের ওপর হাঁটুন, গাছপালা দেখুন, বাতাস অনুভব করুন। প্রকৃতির শব্দ ও দৃশ্য থেকে নিজেকে বিচ্ছিন্ন না রেখে সচেতনভাবে সেগুলো উপভোগ করার চেষ্টা করুন।
বাইরে যাওয়ার সুযোগ না থাকলেও ঘরে বসে প্রকৃতির আবহ তৈরি করা যায়। হালকা গরম পানিতে গোসল করতে পারেন কিংবা বৃষ্টি, ঝরনা, সমুদ্রের ঢেউ বা বাতাসের শব্দ শুনতে পারেন। কয়েক মিনিটের এমন বিরতিও ব্যস্ত ও চাপপূর্ণ দিনের মধ্যে মানসিক প্রশান্তির জায়গা তৈরি করতে পারে।
৪. মানুষের সঙ্গে অর্থপূর্ণ যোগাযোগ রাখুন
অনলাইনে শত শত মানুষের সঙ্গে যোগাযোগ থাকলেও বাস্তব জীবনে গভীর সম্পর্কের অভাব একাকিত্ব বাড়াতে পারে। তাই সুযোগ পেলেই প্রিয় মানুষদের সঙ্গে সরাসরি সময় কাটানোর চেষ্টা করুন। বন্ধুর সঙ্গে দেখা করুন, পরিবারের সদস্যের সঙ্গে বসে কথা বলুন কিংবা কাউকে চায়ের আড্ডায় আমন্ত্রণ জানান। সবসময় সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে হবে এমন নয়—কখনো কখনো শুধু মন খুলে কথা বলাটাই যথেষ্ট।
তবে কার সঙ্গে সময় কাটাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ। এমন মানুষের কাছাকাছি থাকার চেষ্টা করুন, যারা আপনাকে সম্মান করেন, উৎসাহ দেন এবং আপনার মানসিক শান্তিকে মূল্য দেন। বিপরীতে, যারা নিয়মিতভাবে আপনাকে অপমান, হতাশা বা অস্থিরতার মধ্যে ফেলেন, তাদের সঙ্গে প্রয়োজনীয় দূরত্ব তৈরি করাও জরুরি।
৫. নিজের জন্য সুস্থ সীমানা নির্ধারণ করুন
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব একা আপনার নয়। নিজের মানসিক শান্তির জন্য কোথায় ‘না’ বলতে হবে, কখন কোনো আলোচনা থেকে সরে আসতে হবে এবং কার সঙ্গে কতটা সময় কাটানো উচিত—এসব বোঝাও আত্মযত্নের অংশ।
কোনো মানুষ বা পরিস্থিতির সঙ্গে থাকার পর আপনি বারবার ক্লান্ত, অস্বস্তিকর বা মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছেন কি না, সেদিকে খেয়াল করুন। কখনো কখনো শরীরও এই অস্বস্তির সংকেত দিতে পারে—হৃৎস্পন্দন বেড়ে যাওয়া, পেটে অস্বস্তি, বুকে চাপ অনুভব করা, মাথাব্যথা কিংবা শরীরে টান ধরার মতো উপসর্গ দেখা দিতে পারে।
তবে এসব শারীরিক উপসর্গের পেছনে নানা কারণ থাকতে পারে। তাই এগুলোকে শুধু মানসিক চাপের ফল হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। বারবার বা তীব্র উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজের অনুভূতিকে অবহেলা না করা। সবসময় অন্যকে খুশি রাখতে গিয়ে নিজের প্রয়োজন, ক্লান্তি ও অস্বস্তিকে উপেক্ষা করলে মানসিক চাপ আরও বাড়তে পারে। তাই প্রয়োজন হলে বিরতি নিন, সীমা নির্ধারণ করুন এবং নিজের জন্য কিছুটা জায়গা রাখুন।



