৭৩ বছর পর কেন প্রথমবার মিস ওয়ার্ল্ডে অংশ নিচ্ছে পাকিস্তান?

বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড–এর ৭৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রতিনিধিত্ব করবেন ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান ২০২৬’–এর মুকুটজয়ী আনিকা মেরাজ। এই অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হলো পাকিস্তানের।

২৪ বছর বয়সী আনিকা মেরাজ আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালের ৭৫তম বার্ষিকী আয়োজনে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে এই আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশকে তুলে ধরবেন তিনি।
শুধু সৌন্দর্য নয়, শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করেছেন আনিকা। তিনি ব্যবসায় প্রশাসন (বিবিএ) এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি অডিটিং ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আনিকা জানান, তিনি একজন রাষ্ট্রীয় অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় থাকতে আগ্রহী তিনি।
বিশেষ করে শিশুদের অধিকার রক্ষা, নারী শিক্ষার প্রসার এবং তরুণ প্রজন্মের জন্য উন্নত সুযোগ সৃষ্টি নিয়ে কাজ করার ইচ্ছার কথা জানান আনিকা। তার বিশ্বাস, শিক্ষা ও সচেতনতার মাধ্যমে পাকিস্তানের আগামী প্রজন্মের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
পাকিস্তানের জন্য এটি কেবল একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়; বরং আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেও বিবেচিত হচ্ছে।



