বৃষ্টির দিনে ফ্যাশন ও আরাম

রিমঝিম বর্ষার দিনে ইলিশ খিচুড়ি বেশ জমে যায়। আবার পাহাড় বা প্রকৃতির রূপ দেখার জন্যও বর্ষা হতে পারে সেরা সময়। তবে বর্ষার বিড়ম্বনাও কিন্তু কম নয়। হঠাৎ আসা বৃষ্টিতে রাস্তায় জমে যাওয়া পানি ও কাদা মাড়িয়ে অফিসে যাওয়া বা দৈনন্দিন কাজে যাওয়ার ঝক্কিকে অস্বীকার করার উপায় নেই। বৃষ্টির দিনের জন্য যুতসই পোশাক ও জুতার খোঁজে বের হয়ে পড়ার সময় চলে এসেছে। কারণ সারা বছর যে জুতা বা স্যান্ডেল পরে দাপিয়ে বেড়ান, বর্ষার সময় সেই জুতাই উল্টো ডেকে আনে বিপত্তি। পিছলে যাওয়া বা ভিজে গেলে সহজে না শুকানোর মতো সমস্যা এড়াতে চাইলে জেনে নিন বর্ষার দিনে কোন জুতায় মিলবে আরাম।

বৃষ্টির দিনে পা ভেজা মানেই শুধু অস্বস্তি না, ফাংগাল ইনফেকশনের ঝুঁকিও বেড়ে যায়। তাই দরকার এমন ফুটওয়ার, যা পানিরোধী, স্লিপ-প্রুফ, আর ফ্যাশনেবল। এক ঢিলে তিন পাখি মারার মতো বিষয়!
১. Crocs: স্টাইল আর সুবিধার চ্যাম্পিয়ন!
বর্ষার জন্য Crocs একেবারে পারফেক্ট। Croslite ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হওয়ায় এটি জলরোধী, হালকা আর আরামদায়ক। এর হোলগুলো শুধু স্টাইল নয়, পা শুকনো রাখতে হেল্প করে। জিবিটস চার্মস দিয়ে নিজের মতো কাস্টমাইজ করার মজাও আছে! বৃষ্টির দিনে কাদামাখা রাস্তা পেরোনোর জন্য এর চেয়ে ভালো সঙ্গী আর কী হতে পারে?
২. রাবারের স্যান্ডেল: কাদার সঙ্গে যুদ্ধের সহযোদ্ধা
হালকা রাবারের স্যান্ডেল বর্ষার জন্য সেরা। এগুলো পরিষ্কার করা সহজ, আর কাদাপানিতে পা পিছলে পড়ার ঝুঁকিও কম। সাথে যদি একটু স্টাইলিশ ডিজাইন পান, তাহলে তো কথাই নেই!

৩. ওয়াটারপ্রুফ বুট: বৃষ্টির পায়ের বডিগার্ড
যারা একটু বেশি অ্যাডভেঞ্চারাস, তাদের জন্য ওয়াটারপ্রুফ বুট আদর্শ। এটি শুধু পা ভেজা থেকে বাঁচায় না, বরং জুতোতে ঢুকে যাওয়া ছোট পাথর বা কাদা থেকেও পা সুরক্ষিত রাখে। আর যদি বুটে মজার রঙ বা প্যাটার্ন থাকে, তাহলে ফ্যাশনের কমপ্লিমেন্ট পেতে দেরি নেই।
৪. জেলি শু: ফান আর ফ্যাশনের মিক্স
রঙিন জেলি শু বর্ষার জন্য দারুণ। এগুলো স্টাইলিশ, ওয়াটার-ফ্রেন্ডলি আর ক্লিন করা একেবারে সহজ। কলেজ বা অফিসের পথেও কিউট লুকের জন্য বেছে নিতে পারেন।

৫. ক্লাসিক স্নিকার্স? নাহ, ভুলেও না!
বর্ষায় স্নিকার্স পরার ভাবনা থাকলে সেটি অন্য কোনো ঋতুর জন্য তুলে রাখুন। একবার পানি ঢুকলে স্নিকার্স আর আপনাকে শান্তি দেবে না। বরং এটা রাখুন শুকনো দিনগুলোর জন্য।



