টাকা ছাড়াই কেনাকাটা? দক্ষিণ কোরিয়ায় তরুণদের নতুন আসক্তি

কল্পনা করুন, আপনি একটি অনলাইন শপিং সাইটে ঢুকলেন। পছন্দের পোশাক, গ্যাজেট কিংবা খাবার কার্টে যোগ করলেন, ঠিকানাও লিখলেন, অর্ডারও দিলেন। কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটি টাকাও কাটা হলো না, আবার কোনো পণ্যও আপনার দরজায় পৌঁছাল না। শুনতে অবাক লাগলেও দক্ষিণ কোরিয়ার হাজারো তরুণ এখন ঠিক এমন অভিজ্ঞতার মধ্যেই খুঁজে নিচ্ছেন মানসিক স্বস্তি।
উচ্চ জীবনযাত্রার ব্যয়, চাকরির তীব্র প্রতিযোগিতা, দীর্ঘ কর্মঘণ্টা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে দক্ষিণ কোরিয়ার তরুণদের একাংশ বাস্তব জীবনের অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ করতে ঝুঁকছেন এক নতুন ডিজিটাল প্রবণতার দিকে, যার নাম ‘ডোপামিন সাইট’ (Dopamine Sites)।
কী এই ডোপামিন সাইট?
ডোপামিন সাইট হলো এমন কিছু হাইপার-রিয়েলিস্টিক বা অতিবাস্তবধর্মী ওয়েবসাইট, যেখানে বাস্তব জীবনের বিভিন্ন অভিজ্ঞতা হুবহু অনুকরণ করা হয়। ব্যবহারকারীরা এখানে অনলাইন শপিং করতে পারেন, রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার দিতে পারেন, বিভিন্ন পণ্যের রিভিউ পড়তে পারেন, এমনকি সহকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বিরতিও কাটাতে পারেন। তবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলেও বাস্তবে কোনো অর্থ লেনদেন হয় না এবং কোনো পণ্য বা খাবার ব্যবহারকারীর কাছে পৌঁছায় না।
অর্থাৎ, এটি বাস্তব কেনাকাটার আনন্দের একটি ডিজিটাল সিমুলেশন, যেখানে খরচের চাপ নেই, কিন্তু অনুভূতিটা অনেকটাই বাস্তব।
‘ফুড নেভার কামস’—যেখানে খাবার কখনোই আসে না
দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে আলোচিত ডোপামিন সাইটগুলোর একটি হলো ‘Food Never Comes’। ডেভেলপার মালহী তৈরি করা এই প্ল্যাটফর্মটি জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপগুলোর আদলে তৈরি।
এখানে ব্যবহারকারীরা বিভিন্ন রেস্তোরাঁ ঘুরে দেখতে পারেন, খাবারের ছবি দেখতে পারেন, দাম তুলনা করতে পারেন, রিভিউ পড়তে পারেন এবং ইচ্ছেমতো কার্ট ভর্তি করে অর্ডারও দিতে পারেন। মজার বিষয় হলো, অর্ডারের পর ভার্চুয়াল ডেলিভারি রাইডারকে লাইভ ম্যাপে ব্যবহারকারীর বাড়ির দিকে এগোতে দেখানো হয়। তবে শেষ পর্যন্ত কোনো খাবারই পৌঁছায় না।
শুধু কেনাকাটা নয়, আছে ভার্চুয়াল আড্ডাও
ডোপামিন সাইটের জগৎ শুধু খাবার বা কেনাকাটায় সীমাবদ্ধ নয়। দক্ষিণ কোরিয়ায় জনপ্রিয় হয়েছে ভার্চুয়াল ‘স্মোক ব্রেক’ প্ল্যাটফর্মও।
এটি মূলত একটি ডিজিটাল ব্রেক রুম, যেখানে কোনো সিগারেট ধরানোর প্রয়োজন নেই। ব্যবহারকারীরা শুধু একটি বাটনে ক্লিক করেই দেখতে পারেন, এই মুহূর্তে আর কারা অনলাইনে আছেন। সেখানে অপরিচিত মানুষদের ছোট ছোট বার্তা—যেমন ‘আজকের দিনটা কোনোভাবে পার করছি’ কিংবা ‘বাসায় ফিরতে ইচ্ছা করছে’—পড়ে অনেকেই মানসিক স্বস্তি পান। এখানে পরিচয় প্রকাশের বাধ্যবাধকতা নেই, আবার কথোপকথনেরও চাপ নেই।
কেন এত জনপ্রিয় হয়ে উঠছে এই সাইটগুলো?
বিশেষজ্ঞদের মতে, এর পেছনে রয়েছে অর্থনৈতিক বাস্তবতা, সামাজিক পরিবর্তন এবং মানুষের মস্তিষ্কের স্বাভাবিক আচরণ।
দক্ষিণ কোরিয়ায় বাড়তি জীবনযাত্রার ব্যয়, উচ্চ মূল্যস্ফীতি এবং ডেলিভারি চার্জ অনেক তরুণকে বাস্তবে কেনাকাটা থেকে দূরে রাখছে। কিন্তু মানুষের মস্তিষ্ক কোনো কিছু পাওয়ার প্রত্যাশা থেকেই আনন্দ অনুভব করতে পারে। তাই বাস্তবে টাকা খরচ না করেও শুধু কার্ট ভর্তি করা বা অর্ডারের অভিনয় করাই অনেকের কাছে সাময়িক মানসিক তৃপ্তি এনে দেয়।
কিছু প্ল্যাটফর্ম আবার অর্ডার সম্পন্ন না করায় কত টাকা বা কত ক্যালরি সাশ্রয় হলো, সেটিও দেখায়। এতে ব্যবহারকারীরা একদিকে কেনাকাটার অনুভূতি পান, অন্যদিকে নিজেদের আর্থিকভাবে দায়িত্বশীল বলেও মনে করেন।
ডোপামিনের সঙ্গে সম্পর্ক কী?
মনোবিজ্ঞানের ভাষায়, ডোপামিনকে অনেকেই শুধু ‘আনন্দের হরমোন’ মনে করেন। কিন্তু বাস্তবে এটি মানুষের প্রত্যাশা, অনুপ্রেরণা, শেখা এবং পুরস্কার পাওয়ার অনুভূতির সঙ্গে বেশি জড়িত।
কোনো পণ্য কেনার পরিকল্পনা করা, পছন্দের খাবার অর্ডার করার কথা ভাবা কিংবা ভবিষ্যতে কিছু পাওয়ার কল্পনাও মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ ঘটাতে পারে। অর্থাৎ, আনন্দের বড় একটি অংশ আসে ‘পাওয়ার অপেক্ষা’ থেকে, শুধু ‘পাওয়া’ থেকে নয়। ডোপামিন সাইটগুলো ঠিক এই মনস্তাত্ত্বিক বিষয়টিকেই কাজে লাগাচ্ছে।
একাকিত্ব কমানোর ডিজিটাল উপায়
বর্তমান সময়ে অনেক তরুণই একা থাকেন, দীর্ঘ সময় কাজ করেন কিংবা পড়াশোনার চাপে সামাজিক যোগাযোগ কমে যায়। ফলে একাকিত্ব, উদ্বেগ ও মানসিক ক্লান্তি বেড়ে যায়।
ভার্চুয়াল ব্রেক রুম বা ডোপামিন সাইটগুলো সেই শূন্যতা কিছুটা পূরণ করার চেষ্টা করছে। অপরিচিত মানুষের উপস্থিতি, ছোট ছোট বার্তা কিংবা একই ধরনের অনুভূতি ভাগাভাগি করার মাধ্যমে ব্যবহারকারীরা মনে করেন—তারা একা নন। গবেষকদের মতে, ডিজিটাল পরিবেশেও মানুষের মস্তিষ্ক অনেক সময় সামাজিক সংযোগকে বাস্তব অভিজ্ঞতার মতোই গ্রহণ করে, যা সাময়িকভাবে একাকিত্ব কমাতে সাহায্য করতে পারে।
এটি কি সত্যিই উপকারী?
মনোবিজ্ঞানীরা এ বিষয়ে একমত নন। তাদের একাংশের মতে, বাধ্যতামূলক কেনাকাটার অভ্যাস বা অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের প্ল্যাটফর্ম ইতিবাচক ভূমিকা রাখতে পারে। অর্থ ব্যয় না করেও মানুষ যদি মানসিক স্বস্তি পান, তাহলে তা আর্থিক চাপ কমাতে সহায়ক হতে পারে।
তবে অন্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই স্বস্তি মূলত সাময়িক। দীর্ঘমেয়াদে যদি মানুষ বাস্তব জীবনের সম্পর্ক, কাজ, সামাজিক যোগাযোগ বা অর্থপূর্ণ কর্মকাণ্ডের পরিবর্তে কেবল ভার্চুয়াল অভিজ্ঞতার ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে একাকিত্ব, হতাশা এবং মানসিক বঞ্চনাবোধ আরও বেড়ে যেতে পারে।
ভবিষ্যতের ডিজিটাল বাস্তবতা?
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ভার্চুয়াল রিয়েলিটি (VR) এবং মেটাভার্স প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে ভবিষ্যতে এমন অভিজ্ঞতা আরও বাস্তবসম্মত হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, ডিজিটাল জগত মানুষকে সাময়িক স্বস্তি দিলেও বাস্তব জীবনের সম্পর্ক, সামাজিক বন্ধন এবং মানসিক সুস্থতার বিকল্প কখনোই হতে পারবে না।
দক্ষিণ কোরিয়ার ডোপামিন সাইটগুলো শুধু একটি নতুন প্রযুক্তিগত ট্রেন্ড নয়; এটি বর্তমান প্রজন্মের অর্থনৈতিক চাপ, একাকিত্ব এবং মানসিক ক্লান্তিরও প্রতিচ্ছবি। টাকা খরচ না করেও কেনাকাটার আনন্দ পাওয়ার এই অভিনব ধারণা যেমন প্রযুক্তির নতুন সম্ভাবনা দেখাচ্ছে, তেমনি আমাদের মনে করিয়ে দিচ্ছে—ডিজিটাল স্বস্তির আড়ালে লুকিয়ে থাকা বাস্তব সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করাও সমান গুরুত্বপূর্ণ।



