বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ২৭ জুন, ২০২৬
জীবনযাপন

ঘরের ভেতরেও কি সানস্ক্রিন প্রয়োজন? যা বলছেন ত্বক বিশেষজ্ঞরা

IMG_1824

অনেকের ধারণা, সানস্ক্রিন শুধু রোদে বের হওয়ার আগে ব্যবহার করলেই যথেষ্ট। তবে ত্বক বিশেষজ্ঞরা বলছেন, শুধু সূর্যের অতিবেগুনি (ইউভি) রশ্মি নয়, বিশেষ কিছু পরিস্থিতিতে ঘরের ভেতরেও ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন ব্যবহার উপকারী হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বাইরে দীর্ঘ সময় অবস্থান করলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা উচিত। বিশেষ করে খোলা রোদে দীর্ঘক্ষণ থাকতে হলে বা স্টেডিয়ামে খেলা দেখার মতো পরিস্থিতিতে ফিজিক্যাল (মিনারেল) সানব্লক বেশি কার্যকর। বাইরে যাওয়ার ২০ থেকে ৩০ মিনিট আগে সানস্ক্রিন লাগানো এবং প্রতি দুই থেকে তিন ঘণ্টা পর পুনরায় ব্যবহার করার পরামর্শ দেন তারা। অতিরিক্ত ঘাম হলে বা মুখ ধোয়ার পরও আবার সানস্ক্রিন লাগানো উচিত।

বর্তমানে অনেকেই দিনের বড় একটি সময় মোবাইল ফোন, কম্পিউটার ও টেলিভিশনের স্ক্রিনের সামনে কাটান। এছাড়া ভিডিও শুটিং বা স্টুডিও লাইটের নিচে দীর্ঘ সময় কাজ করার ক্ষেত্রেও ত্বকের সুরক্ষার বিষয়টি বিবেচনায় রাখতে বলেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের ভাষ্য, সানস্ক্রিন প্রধানত দুই ধরনের- ফিজিক্যাল (মিনারেল) ও কেমিক্যাল। কেমিক্যাল সানস্ক্রিন ত্বকে শোষিত হয়ে সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব কমাতে কাজ করে। অন্যদিকে ফিজিক্যাল সানস্ক্রিন ত্বকের ওপর একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে, যা রশ্মিকে প্রতিফলিত করে দেয়। ক্রিকেটারদের মুখে দেখা সাদা প্রলেপ ফিজিক্যাল সানব্লকেরই একটি পরিচিত উদাহরণ।

তবে আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, মোবাইল বা টেলিভিশনের স্ক্রিন থেকে নির্গত আলো সূর্যের অতিবেগুনি রশ্মির মতো তীব্র নয়। তাই সাধারণ স্ক্রিন ব্যবহারের কারণে সানস্ক্রিন বাধ্যতামূলক নয়। তবে যারা দীর্ঘ সময় তীব্র কৃত্রিম আলো বা তাপের সংস্পর্শে থাকেন, তাদের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, ত্বকের ধরন অনুযায়ী সঠিক সানস্ক্রিন নির্বাচন করাও গুরুত্বপূর্ণ। তৈলাক্ত, শুষ্ক, সংবেদনশীল বা মিশ্র ত্বকের জন্য ভিন্ন ধরনের সানস্ক্রিন রয়েছে। নিয়মিত ও সঠিকভাবে সানস্ক্রিন ব্যবহার করলে সূর্যের ক্ষতিকর প্রভাব, অকাল বার্ধক্য এবং বিভিন্ন ত্বকের সমস্যা থেকে সুরক্ষা পাওয়া সম্ভব।

ত্বকসানস্ক্রিন