মুচমুচে ঢ্যাঁড়স বানাবেন যেভাবে

বিকেলের নাস্তা কিংবা চায়ের আড্ডায় ভিন্ন স্বাদের কিছু খেতে চাইলে তৈরি করতে পারেন মুচমুচে ঢ্যাঁড়স। বাইরে থেকে ক্রিসপি আর ভেতরে নরম এই স্ন্যাকস খেতে যেমন মজার, বানাতেও তেমন সহজ। অল্প কিছু উপকরণেই ঘরেই তৈরি করা যায় সুস্বাদু এই খাবার।

উপকরণ
১। ঢ্যাঁড়স — ২৫০ গ্রাম
২। লাল মরিচের গুঁড়া — ১ চা-চামচ
৩। হলুদগুঁড়া — আধা চা-চামচ
৪। লবণ — স্বাদমতো
৫। চালের গুঁড়া — ২ টেবিল চামচ
৬। কর্নফ্লাওয়ার — ১ টেবিল চামচ
৭। তেল — ভাজার জন্য
৮। কাঁচা মরিচ — ২টি (চিরে নেওয়া)
৯। গোলমরিচ বা ভাজা জিরার গুঁড়া — আধা চা-চামচ
প্রণালি
প্রথমে ঢ্যাঁড়স ভালোভাবে ধুয়ে সম্পূর্ণ শুকিয়ে নিন। পানি থাকলে ঢ্যাঁড়স মুচমুচে হবে না। এরপর পাতলা করে লম্বা আকারে কেটে নিন।
একটি পাত্রে কাটা ঢ্যাঁড়স নিয়ে এর সঙ্গে লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদ, চালের গুঁড়া ও কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন। খুব বেশি নাড়াচাড়া করবেন না, এতে ঢ্যাঁড়স পিচ্ছিল হয়ে যেতে পারে।
এরপর কড়াইতে তেল গরম করে অল্প অল্প করে ঢ্যাঁড়স ছড়িয়ে দিন। মাঝারি আঁচে কম নাড়াচাড়া করে ভাজুন। ধীরে ধীরে ঢ্যাঁড়স সোনালি ও মুচমুচে হয়ে আসবে।
চাইলে এয়ার ফ্রায়ারেও ফ্রাই করা যেতে পারে।
ভাজার সময় কাঁচা মরিচ দিয়ে দিন।ওপরে ভাজা জিরার গুঁড়া বা গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করুন।
টিপস
১। ঢ্যাঁড়সে পানি থাকলে কখনোই ভালোভাবে ক্রিসপি হবে না।
২। বেশি নাড়লে ঢ্যাঁড়স নরম ও পিচ্ছিল হয়ে যেতে পারে।
৩। আরও বেশি মুচমুচে করতে চাইলে ডিপ ফ্রাই করতে পারেন।
৪। গরম গরম পরিবেশন করলে স্বাদ সবচেয়ে ভালো লাগে।



