চায়ে চিনি নয়, বরং লবণ! কাশ্মীরের ঐতিহ্য ‘নুন চা’

চায়ের কাপে চুমুক দিতে গিয়ে চিনি না পেলে অনেকেরই মন খারাপ হয়। কারণ, আমাদের কাছে চা মানেই চিনি মেশানো মিষ্টি স্বাদ। কেউ কম চিনি পছন্দ করেন, কেউ আবার বেশি। কিন্তু চায়ের কাপে যদি চিনির বদলে লবণ দেওয়া হয়, তাহলে কেমন লাগবে?
শুনতে একটু অদ্ভুত মনে হলেও কাশ্মীরে চা পানের প্রচলিত রীতিই এমন। সেখানে চায়ে চিনি নয়, মেশানো হয় লবণ। নাম তার ‘নুন চা’ বা ‘নুন চাই’। আর শুধু স্বাদেই নয়, গোলাপি রঙের কারণেও এই চা বেশ ব্যতিক্রমী।
কাশ্মীরের ঐতিহ্যবাহী এই পানীয় তৈরি হয় বিশেষ ধরনের সবুজ চা-পাতা দিয়ে। প্রথমে পানিতে চা-পাতার সঙ্গে সামান্য বেকিং সোডা দিয়ে ৮ থেকে ১২ মিনিট ফুটিয়ে নেওয়া হয়। এতে চায়ের রং গাঢ় লালচে-বাদামি হয়ে ওঠে। এরপর এক পাত্র থেকে অন্য পাত্রে কয়েকবার উঁচু থেকে চা ঢালা হয়। সবশেষে লবণ ও গরম দুধ মেশালে তৈরি হয় আকর্ষণীয় গোলাপি রঙের নুন চা। এই রং তৈরিতে কোনো কৃত্রিম রং ব্যবহার করা হয় না; চা-পাতার প্রাকৃতিক উপাদান ও বেকিং সোডার রাসায়নিক বিক্রিয়াতেই রঙের পরিবর্তন ঘটে।
স্বাদে নোনতা, হালকা ক্রিমের মতো কোমলতা আর মৃদু ফুলেল ঘ্রাণ—সব মিলিয়ে নুন চা একেবারেই আলাদা। কাশ্মীরে সাধারণত সকালের নাশতায় গরম গরম এই চা পরিবেশন করা হয়। সঙ্গে থাকে গিরদা, বাকেরখানি কিংবা টচোট নামের স্থানীয় রুটি।



