‘দার-ই-নিজাত’-এর গল্পের সঙ্গে সানা খান-আনাসের জীবনের কি মিল আছে?

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর গল্পের সঙ্গে বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান ও তার স্বামী মুফতি আনাস সাঈদের বাস্তব জীবনের মিল খুঁজে পাচ্ছেন দর্শকদের একাংশ। সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকের চরিত্রের সঙ্গে এই দম্পতির তুলনা করে চলছে আলোচনা। কেউ সানাকে নাটকের জারিয়াব এবং মুফতি আনাসকে আবু বকর চরিত্রের সঙ্গে মেলাচ্ছেন।
দর্শকদের একাংশের মতে, শোবিজ অঙ্গনে আধুনিক জীবনযাপনে অভ্যস্ত ছিলেন সানা খান। তবে মুফতি আনাসকে বিয়ের পর তার জীবনে ধর্মীয় অনুশীলন ও মূল্যবোধের প্রতি মনোযোগ বাড়ে। এ কারণেই নাটকের গল্পের সঙ্গে সানা ও আনাসের জীবনের সাদৃশ্য খুঁজছেন অনেকে।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন মন্তব্য করেছেন, সানার জীবনের সঙ্গে নাটকের প্রধান নারী চরিত্র জারিয়াবের গল্পের মিল থাকলেও তিনি জারিয়াব নন, বরং বাস্তবের জামিল। আরেকজন লিখেছেন, নাটকটির লেখক উমাইরা আহমেদ ১৫ বছর আগেই চিত্রনাট্যটি লিখেছিলেন, এসব ঘটনা ঘটার অনেক আগে। অন্য একজন মন্তব্য করেছেন, তাহলে ভারতেরও নিজস্ব একজন আবু বকর আছেন।
ব্যক্তিগত জীবন, ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের পরিবর্তনকে কেন্দ্র করে নির্মিত ‘দার-ই-নিজাত’ এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। উমাইরা আহমেদের গল্পে সাকিব খানের পরিচালনায় ধারাবাহিকটি ২০২৬ সালের ১ আগস্ট থেকে এআরওয়াই ডিজিটালে প্রচারিত হচ্ছে।
নাটকের গল্পে জারিয়াব আধুনিক জীবনযাপনে অভ্যস্ত এক তরুণী। বন্ধু জামিলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর পর ধর্মীয় জীবনচর্চায় নিবেদিত আবু বকরকে বিয়ে করে সে। এরপর স্বামীর সঙ্গে ইসলামের পথে আধ্যাত্মিক যাত্রা শুরু হয় তার। ধারাবাহিকটিতে আবু বকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার, জারিয়াবের ভূমিকায় রয়েছেন দুরেফিশান সেলিম এবং জামিল চরিত্রে অভিনয় করছেন নামির নাওয়াজ খান।



