৬০টির বেশি বই পড়ে ১ কোটি ৬৫ লাখ টাকা জিতল ১১ বছরের কিশোরী

মাত্র ১১ বছর বয়সেই ৬০টির বেশি বই পড়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছে মিসরের কিশোরী মায়ার ওথমান। বই পড়ার দক্ষতা ও জ্ঞান দিয়ে সে জিতে নিয়েছে ৫ লাখ দিরহাম, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা। তবে এত বড় অঙ্কের পুরস্কার জিতেও নিজের জন্য কিছু কেনার পরিকল্পনা করেনি মায়ার। বরং পুরস্কারের টাকা দিয়ে নিজের স্কুলে একটি লাইব্রেরি গড়ে তুলতে চায় সে।
মায়ারের এই অর্জন এসেছে ‘আরব রিডিং চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায়। ২০২৬ সালের ২৯ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির দশম আসরের চূড়ান্ত পর্ব। সেখানে বিশ্বের ৬০টি দেশের ৪ কোটি ২৮ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে সেরা নির্বাচিত হয় সে। বিজয়ী হিসেবে মায়ারের হাতে পুরস্কার তুলে দেন সংযুক্ত আরব আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
মায়ারের বই পড়ার প্রতি আগ্রহ তৈরি হয়েছিল স্কুল থেকেই। শিক্ষকেরা লক্ষ করেছিলেন, আরবি ভাষায় কথা বলা এবং নিজের চিন্তাভাবনা প্রকাশে বেশ দক্ষ সে। স্কুলের এক তত্ত্বাবধায়ক তার এই আগ্রহ দেখে তাকে আরব রিডিং চ্যালেঞ্জে অংশ নেওয়ার পরামর্শ দেন।
শুরুতে কবিতা পড়তে ভালো লাগলেও পরে গল্প, উপন্যাসসহ বিভিন্ন ধরনের বই পড়তে শুরু করে মায়ার। প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে সে ৬০টির বেশি বই পড়ে। তবে শুধু বইয়ের সংখ্যা নয়, সেগুলোর বিষয়বস্তু বোঝা, নিজের ভাষায় সারাংশ তুলে ধরা এবং বই থেকে কী শিখেছে, তা ব্যাখ্যা করার ওপরও গুরুত্ব দেয় সে।
মিসরের ১ কোটি ৭৬ লাখের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে ধাপে ধাপে চূড়ান্ত পর্বে পৌঁছায় মায়ার। সেখানে বিভিন্ন দেশের ছয়জন প্রতিযোগীকে দর্শকদের সামনে প্রশ্নের উত্তর দিতে হয়। প্রত্যেকের জন্য সময় বরাদ্দ ছিল মাত্র এক মিনিট। এরপর দর্শকদের ভোটে বিজয়ী নির্বাচিত হয় সে।
প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে ফিলিস্তিনের ১৬ বছর বয়সী গাজাল রাশাদ। তৃতীয় হয়েছে সৌদি আরবের ১১ বছর বয়সী রায়ান আল জাকারি। দ্বিতীয় স্থান অর্জনকারী পেয়েছে ১ লাখ দিরহাম এবং তৃতীয় স্থান অর্জনকারী পেয়েছে ৭০ হাজার দিরহাম।
এত বড় পুরস্কার জয়ের পর মায়ারের পরিকল্পনা জানতে চাওয়া হলে সে জানায়, পুরস্কারের অর্থ দিয়ে নিজের স্কুলে একটি ছোট লাইব্রেরি তৈরি করতে চায়। তার মতে, বই তার চিন্তাভাবনা ও ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই অন্য শিক্ষার্থীরাও যেন বই পড়ার সুযোগ পায়, সেটিই তার ইচ্ছা।
প্রতিযোগিতায় অংশ নেওয়ার ফলে সময় ব্যবস্থাপনার অভ্যাসও গড়ে উঠেছে মায়ারের। স্কুলের পড়াশোনার পাশাপাশি বই পড়ার জন্য আলাদা সময় বের করতে শিখেছে সে। ভবিষ্যতে মিসরের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে এই কিশোরী। আরবি ভাষার সৌন্দর্য ও ঐতিহ্য রক্ষার পাশাপাশি অন্যদেরও বই পড়ায় উৎসাহিত করতে চায় সে।
উল্লেখ্য, ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের উদ্যোগে শুরু হয় ‘আরব রিডিং চ্যালেঞ্জ’। আরব বিশ্বের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, আরবি ভাষায় দক্ষতা বাড়ানো এবং জ্ঞানের প্রতি আগ্রহ তৈরিই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
তবে সময়ের সঙ্গে প্রতিযোগিতাটি আরব বিশ্বের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে। দশম আসরে ৬০টি দেশের ৪ কোটি ২৮ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। এ ছাড়া যুক্ত ছিল ১ লাখ ৩৮ হাজারের বেশি স্কুল এবং ১ লাখ ৬১ হাজারের বেশি তত্ত্বাবধায়ক।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের শুধু বই পড়ার সংখ্যা দিয়ে মূল্যায়ন করা হয় না। বইয়ের মূল বক্তব্য বোঝা, নিজের ভাষায় তা প্রকাশ করা, শব্দভান্ডার ও চিন্তাশক্তির উন্নতিও বিবেচনায় নেওয়া হয়। চূড়ান্ত পর্বে শিক্ষার্থীদের ২৫টি বইয়ের বিষয়বস্তু নিয়ে মৌখিক পরীক্ষা দিতে হয়।
আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে শিক্ষার্থীরা সপ্তাহে গড়ে এক ঘণ্টারও কম সময় বই পড়ত। অংশ নেওয়ার পর তা বেড়ে চার ঘণ্টার বেশি হয়েছে। বছরে গড়ে বই পড়ার সংখ্যাও আটটি থেকে বেড়ে ৪০টির বেশি হয়েছে। অংশগ্রহণকারীদের ৯৩ শতাংশের আরবি ভাষার দক্ষতায় উন্নতি হয়েছে বলেও জানিয়েছে আয়োজকেরা।
মাত্র ১১ বছর বয়সে মায়ারের এই অর্জন শুধু একটি প্রতিযোগিতায় জয় নয়, বরং বই পড়ার প্রতি ভালোবাসা ও সেই ভালোবাসা অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার অনন্য উদাহরণ হয়ে উঠেছে।



