১৮ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ৩ অগ্রহায়ণ ১৪৩৩
খাবার-দাবার

খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যেসব খাবার খাবেন

—-2-samakal-63216fdcd6605

ফাইবার বা খাদ্য আঁশ শরীরের সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হজমশক্তি ভালো রাখা, রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করা এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে ফাইবারসমৃদ্ধ খাবারের জুড়ি নেই। এ ধরনের খাবারের মধ্যে খেজুর বেশ পরিচিত। প্রতি ১০০ গ্রাম খেজুরে প্রায় ৭ থেকে ৮ গ্রাম ফাইবার পাওয়া যায়। আর প্রতিটি খেজুরে থাকে প্রায় ১ দশমিক ৬ গ্রাম খাদ্য আঁশ।

তবে প্রাকৃতিকভাবে মিষ্টি স্বাদের কারণে অনেকের জন্য খেজুর খাওয়া উপযুক্ত নাও হতে পারে। বিশেষ করে ডায়াবেটিস বা অন্যান্য শারীরিক সমস্যার কারণে যারা খেজুর এড়িয়ে চলেন, তারা বিকল্প খাবার থেকে প্রয়োজনীয় ফাইবার গ্রহণ করতে পারেন। মসুর ডাল, অ্যাভোকাডো ও চিয়া সিডের মতো কয়েকটি খাবারে খেজুরের তুলনায় বেশি ফাইবার পাওয়া যায়। এসব খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখলে শরীরের প্রয়োজনীয় খাদ্য আঁশের চাহিদা পূরণে সহায়তা পাওয়া সম্ভব।

মসুর ডাল

ফাইবারের অন্যতম ভালো উৎস মসুর ডাল। এক কাপ রান্না করা মসুর ডালে প্রায় ১৫ গ্রাম ফাইবার থাকে, যা একটি খেজুরে থাকা ফাইবারের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। শুধু খাদ্য আঁশই নয়, মসুর ডালে রয়েছে প্রচুর প্রোটিন, ফোলেট এবং আয়রন ও ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ উপাদান।

খাদ্যতালিকায় পুষ্টির পরিমাণ বাড়াতে বিভিন্নভাবে মসুর ডাল খাওয়া যায়। ভাতের সঙ্গে সাধারণ ডাল হিসেবে খাওয়ার পাশাপাশি স্যুপ, স্ট্যু ও সালাদেও এটি যোগ করা যেতে পারে। এমনকি বিভিন্ন নিরামিষ খাবার তৈরিতেও মসুর ডাল ব্যবহার করা সম্ভব। এতে খাবারের স্বাদ বাড়ার পাশাপাশি পুষ্টিগুণও বৃদ্ধি পায়।

অ্যাভোকাডো

Advertisements

অ্যাভোকাডো একটি পুষ্টিকর ফল। এর ভেতরের অংশ বেশ নরম, মসৃণ ও মাখনের মতো। এতে প্রচুর ফাইবারের পাশাপাশি রয়েছে মনোআনস্যাচুরেটেড ফ্যাট, যা স্বাস্থ্যকর চর্বি হিসেবে পরিচিত এবং হৃদ্‌যন্ত্রের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে।

একটি সম্পূর্ণ অ্যাভোকাডোতে প্রায় ১৪ গ্রাম ফাইবার পাওয়া যায়। এতে দ্রবণীয় ও অদ্রবণীয়—দুই ধরনের খাদ্য আঁশই রয়েছে। এসব ফাইবার হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে ভূমিকা রাখে। এ ছাড়া অ্যাভোকাডোতে পটাশিয়াম, ফোলেট ও প্রোটিনও রয়েছে। ফলে ফাইবারের পাশাপাশি শরীরের জন্য প্রয়োজনীয় অন্যান্য পুষ্টি উপাদানও পাওয়া যায় এই ফল থেকে।

চিয়া সিড

আকারে ছোট হলেও চিয়া সিড ফাইবারের অত্যন্ত ভালো উৎস। এতে থাকা দ্রবণীয় ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করতে এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করে। পাশাপাশি দীর্ঘ সময় পেট ভরা রাখতেও কার্যকর এই বীজ।

মাত্র দুই টেবিল চামচ চিয়া সিড থেকেই দৈনিক ফাইবারের চাহিদার প্রায় ২০ শতাংশ পূরণ করা সম্ভব। এ ছাড়া এতে রয়েছে স্বাস্থ্যকর চর্বি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে।

চিয়া সিড খাওয়ার বেশ কয়েকটি সহজ উপায় রয়েছে। দই কিংবা ওটমিলের সঙ্গে মিশিয়ে এটি খেতে পারেন। আবার সারারাত দুধে ভিজিয়ে রেখে তৈরি করা যায় চিয়া পুডিং। চাইলে প্যানকেকের ব্যাটার বা মাফিনের মতো বিভিন্ন বেক করা খাবারেও চিয়া সিড যোগ করা যায়। এতে খাবারের পুষ্টিগুণ বাড়বে এবং সহজেই দৈনন্দিন খাদ্যতালিকায় ফাইবার যুক্ত করা সম্ভব হবে।

নাশপাতি

খেজুরের বিকল্প হিসেবে বেশি ফাইবার পেতে নাশপাতিও খেতে পারেন। তবে এ ফল খাওয়ার সময় খোসা ফেলে না দেওয়াই ভালো। কারণ নাশপাতির অধিকাংশ ফাইবার এর খোসায় থাকে। বিশেষ করে খোসায় পেকটিন নামের এক ধরনের দ্রবণীয় ফাইবার রয়েছে, যা হজম প্রক্রিয়া ভালো রাখতে সহায়তা করে।

পেকটিন শুধু হজমের জন্যই উপকারী নয়, এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখতে পারে। পাশাপাশি হৃদ্‌যন্ত্রের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে। তাই নাশপাতি থেকে সর্বোচ্চ পুষ্টিগুণ পেতে ভালোভাবে ধুয়ে খোসাসহ খাওয়ার অভ্যাস করা যেতে পারে।

খেজুর ছাড়াও মসুর ডাল, অ্যাভোকাডো, চিয়া সিড ও নাশপাতির মতো খাবার থেকে পর্যাপ্ত ফাইবার পাওয়া সম্ভব। তাই নিজের শারীরিক অবস্থা ও খাদ্যাভ্যাস অনুযায়ী এসব খাবার প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন। এতে হজমশক্তি ভালো রাখার পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষায়ও উপকার পাওয়া যেতে পারে।

Advertisements