ভারত-পাকিস্তানের সুন্দরীদের সঙ্গে মাহি, কী বলছেন নেটিজেনরা?

পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে অংশ নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি ও ভিডিও প্রকাশ করছেন তিনি।
এরই ধারাবাহিকতায় এবার ভারত ও পাকিস্তানের প্রতিযোগীদের সঙ্গে দেখা গেল বাংলাদেশের মাহিকে। তারা হলেন ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ কাজিয়া লিজ মেজো এবং ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ মিসবাহ আরশাদ। তিন দেশের তিন সুন্দরীকে নিজ নিজ সাজে একসঙ্গে দেখা গেছে বেশ কয়েকটি ছবিতে।
ছবিগুলো ফেসবুকে শেয়ার করে মাহি লিখেছেন, ‘ভিন্ন দেশ, ভিন্ন পতাকা, কিন্তু অনেক ভালোবাসা আর সুন্দর বন্ধুত্ব। কোনো ভৌগোলিক সীমানা সত্যিকারের বন্ধনে বাধা হতে পারে না। মিস ইউনিভার্সে এসে এরকম সুন্দর সব মুহূর্ত পেয়ে আমি ভীষণ আনন্দিত।’
প্রতিবেশী তিন দেশের প্রতিযোগীকে একসঙ্গে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। ছবির মন্তব্যঘরে একজন ভারতীয় প্রতিযোগীর সৌন্দর্যের প্রশংসা করেছেন। আরেকজন পাকিস্তানের প্রতিযোগীকে নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে কেউ কেউ মাহির পক্ষ নিয়ে লিখেছেন, ‘মাহি সবসময় সেরা।’
উল্লেখ্য, সামিরা খান মাহি মিস ইউনিভার্সে অংশ নেওয়ার আগেই দেশের শোবিজ অঙ্গনে পরিচিতি পেয়েছেন। নিয়মিত নাটকে অভিনয় করেন তিনি। অন্যদিকে ভারতের প্রতিযোগী কাজিয়া লিজ মেজোর বয়স ১৯ বছর। অভিনয়ের অভিজ্ঞতাও রয়েছে তার। পাকিস্তানের প্রতিযোগী মিসবাহ আরশাদ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।
আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম এবং তার মাথায় পরিয়ে দেওয়া হবে মুকুট।



