বগুড়ায় বিএমএসএস-এর ‘উত্তরবঙ্গ এলসি বুট ক্যাম্প’

চিকিৎসা পেশা কেবল পাঠ্যপুস্তক আর রোগ নির্ণয়ে সীমাবদ্ধ নয়; আধুনিক বিশ্বে একজন দক্ষ চিকিৎসকের জন্য প্রয়োজন সঠিক যোগাযোগ দক্ষতা, তথ্যপ্রযুক্তির জ্ঞান এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। চিকিৎসা বিজ্ঞানের তাত্ত্বিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের এমন পেশাদার দক্ষতা (Soft Skills) বৃদ্ধিতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটি (বিএমএসএস)।
গত শুক্রবার (২৪ এপ্রিল) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল ‘উত্তরাঞ্চল এলসি বুট ক্যাম্প’। উত্তরবঙ্গের ১২টি মেডিকেল কলেজের প্রায় ২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে এই আয়োজনটি ছিল প্রাণবন্ত ও শিক্ষণীয়।
সকালে ক্যাম্পের উদ্বোধন করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ ওয়াদুদুল হক তরফদার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, চিকিৎসাসেবাকে যুগোপযোগী করতে হলে শিক্ষার্থীদের দক্ষ সংগঠক ও আধুনিক প্রযুক্তিবান্ধব হওয়া জরুরি।
এ সময় শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলার পাথেয় হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ডা. কামাল হোসাইন।
দিনব্যাপী এই বুট ক্যাম্পে কেবল গতানুগতিক আলোচনা নয়, বরং ৬টি বিশেষ সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। সেশনগুলোর মূল বিষয়বস্তু ছিল যুগোপযোগী স্বাস্থ্য সেবা বা বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক চিকিৎসার ধরন; যোগাযোগ দক্ষতা বা রোগী ও স্বজনদের সাথে কথা বলার সঠিক ভঙ্গি; তথ্য প্রযুক্তি বা চিকিৎসা ক্ষেত্রে ডিজিটাল টুলসের কার্যকর ব্যবহার; এবং দ্বন্দ্ব নিরসন বা কর্মক্ষেত্রে উদ্ভূত প্রতিকূল পরিস্থিতি সামলানোর উপায়।
এই সেশনগুলোতে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকরা অত্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
ক্যাম্পটি আয়োজনে নেতৃত্ব দেন বিএমএসএস-এর সভাপতি ডা. রাহিতুল আল নাহিয়ান, সাধারণ সম্পাদক সুবহা তানজিম এবং প্রশিক্ষণ বিষয়ক সহ-সভাপতি সামিউজ জামান। বুট ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। বিএমএসএস-এর এই উদ্যোগ কেবল উত্তরবঙ্গেই নয়, বরং সারা দেশের চিকিৎসকদের একটি দক্ষ ও পেশাদার কমিউনিটি হিসেবে গড়ে তুলতে মাইলফলক হয়ে থাকবে।



