মাধ্যমিকের ছাত্রীদের ‘পিংক সাইকেল’ দিতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী

দেশের মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের শিক্ষায় আরও উৎসাহিত করতে ‘পিংক সাইকেল’ বা গোলাপি সাইকেল উপহার দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে শিগগির চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘সারাদেশে আমাদের প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। সেগুলোতে প্রতিটি ক্লাসে মেয়েদের আরও শিক্ষায় উৎসাহিত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের জন্য একটা গিফটের কথা বলেছেন। আর সেটি হচ্ছে পিংক সাইকেল বা গোলাপি সাইকেল। তাদের দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শিক্ষায় অনুপ্রাণিত করা।’
এসএসসি ও সমমান পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্যোগের কথাও জানান এহছানুল হক মিলন। তিনি বলেন, এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড’ দেওয়া হবে। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া এক লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থীকে উপহার হিসেবে ট্যাব দেওয়ার বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
তবে পরে মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শিক্ষামন্ত্রী জানান, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। চলতি অর্থবছরে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে এবং পর্যায়ক্রমে তা ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।



