জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি সদ্য এসএসসি পাস করা ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে পড়াশোনায় উৎসাহ দিতে উপহার হিসেবে ট্যাব দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান শিক্ষামন্ত্রী।
ড. মিলন বলেন, শিক্ষার্থীরা যাতে পড়াশোনায় আরও বেশি মনোযোগী হয়, সে লক্ষ্যেই তাদের বিভিন্ন ধরনের উপহার দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই চিন্তা করেছেন বলেও জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীই আমাদের বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ যেন আরও বেড়ে যায়, তারা যেন লেখাপড়া ঠিকমতো করে। সেজন্যই তিনি এই ১ লাখ ১৬ হাজার ট্যাব দেওয়ার জন্য চিন্তা করেন।’
তিনি আরও বলেন, দেশে প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে মেয়েদের শিক্ষায় আরও উৎসাহিত করতে তাদের জন্য বিশেষ উপহারের কথাও ভাবা হচ্ছে। এর মধ্যে ‘পিংকি মোটরসাইকেল’ দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর আলোচনায় রয়েছে বলে জানান তিনি।
ড. মিলন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রাণিত করতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগে বিলম্বের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
তিনি বলেন, শিক্ষক নিয়োগে বিলম্ব তাদের কিছু জটিলতার কারণে হচ্ছে। এ বিষয়ে আজকের আলোচনায় বিস্তারিত আলোচনা হবে। বাজেট বরাদ্দ থেকে শুরু করে প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ, তাদের পরীক্ষা গ্রহণ এবং পুরো প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন করা যায়, সেসব বিষয় নিয়েও আলোচনা চলছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এবার শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে তা ৫ শতাংশ পর্যন্ত উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তার দাবি, শিক্ষায় এ ধরনের বিনিয়োগ আগে কোনো সরকার করেনি।



