প্রত্যেকটি বয়সের আলাদা সৌন্দর্য থাকে: শবনম ফারিয়া

বয়স বাড়ার সঙ্গে চেহারায় বয়সের ছাপ পড়া নিয়ে যেখানে অনেক তারকাই উদ্বিগ্ন থাকেন, সেখানে ভিন্ন অবস্থানে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া। নিজের প্রতি সচেতন হলেও বয়স লুকিয়ে গ্ল্যামার ধরে রাখার বিষয়ে তার কোনো আগ্রহ নেই।
নিজের বয়স ও সৌন্দর্য নিয়ে শবনম ফারিয়া বলেন, ‘আমি কখনো এই কথায় সম্মতি দেই না যে, আমার বয়স ৩৫ কিন্তু আমাকে দেখতে ২৫ বছরের মতো লাগছে। আমি চাই যখন বয়স যেমন হবে, তখন আমাকে দেখতে তেমনই লাগুক। যখন ৬০ বছর হবে, তখন দেখতে যেন ষাটের মতোই লাগে। কারণ, প্রত্যেকটি বয়সের আলাদা সৌন্দর্য থাকে। আমি সেই সৌন্দর্য উপভোগ করতে চাই।’

নাটক ও সিনেমায় সাবলীল অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় শক্ত অবস্থান তৈরি করেছেন ফারিয়া। পরে দেবী সিনেমার মাধ্যমে বড় পর্দাতেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দেন তিনি। তবে বর্তমানে অভিনয়ে নিয়মিত নন এই অভিনেত্রী। পছন্দের গল্প ও চরিত্র বেছে নিয়েই কাজ করছেন।
নিয়মিত অভিনয়ে ফেরার বিষয়ে নিজের অবস্থান জানিয়ে ফারিয়া বলেন, ‘এখন মাসে ২০/২২ দিন শুটিং করতে আর ভালো লাগে না। তবে ভালো গল্পে কাজ করতে বরাবরই আমার ভালো লাগে।’ ফলে নিয়মিত কাজের চেয়ে মানসম্মত ও পছন্দের গল্পকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।



