বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
খাবার-দাবার

বৃষ্টিভেজা বিকেলে চায়ের সঙ্গে টা, সহজ কিছু রেসিপি

Noodle_Pakora

বৃষ্টিভেজা বিকেলে মন যেন চায় এক কাপ গরম চা আর মুখরোচক কিছু খেতে। বৃষ্টি মানেই চায়ের সঙ্গে টা-আয়োজন একটু জম্পেশই হতে হয়। চলুন জেনে নিই এই বৃষ্টিতে খাওয়ার মতো সহজ কিছু রেসিপি।

১. আলুর চপ:

যা যা লাগবে:

মাঝারি সাইজের আলু – ৪টি (সেদ্ধ করা), কাঁচামরিচ কুচি – ২টি, পেঁয়াজ কুচি – ১টি, ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ, বিট লবণ- স্বাদ অনুযায়ী, হলুদ ও মরিচ গুঁড়া – অল্প পরিমাণে, বেসন – ১ কাপ, তেল – ভাজার জন্য

যেভাবে বানাবেন: সেদ্ধ আলু ভালো করে চটকে নিন। এর সঙ্গে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, লবণ, হলুদ ও মরিচ গুঁড়া মিশিয়ে ছোট ছোট বল বানান। এবার বেসনে সামান্য লবণ, পানি দিয়ে ঘন গোলা তৈরি করুন। বলগুলো সেই গোলায় ডুবিয়ে গরম তেলে লালচে করে ভেজে তুলুন। হয়ে গেল গরম গরম আলুর চপ।

২. সবজি পাকোড়া :

যা যা লাগবে:

১ কাপ গাজর কুচি, ২ কাপ বাঁধাকপি কুচি, আলু মিহি কুচি আধা কাপ, কাঁচা পেঁপে কুচি ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুঁচি ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, আদা-রসুন কুঁচি ১ চা চামচ করে, হলুদ-মরিচ গুঁড়ো আধা চা চামচ করে, বেসন ২ টেবিল চামচ, টেম্পুরা ২ টেবিল চামচ, বেকিং পাউডার ১ চা চামচ, ডিম ২টি, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য পরিমাণমতো।

যেভাবে বানাবেন: পাকোড়া তৈরি করার জন্য প্রথমে সবজি কুচিগুলো একসঙ্গে ১টি বাটিতে নিয়ে লবণ মেখে রেখে দিন ১০ থেকে ১৫ মিনিট। এরপর সবজি কুচি হাতে কচলে পানি ঝরিয়ে নিন। সব উপকরণ সবজির সঙ্গে মিশিয়ে নিন। কড়াইতে তেল গরম করে হাতে অল্প অল্প করে সবজির মিশ্রণ নিয়ে তেলে ছাড়ুন। ফোলা ফোলা পাকোড়া হয়ে এলে তেল ভালোভাবে ছেকে নিতে হবে। চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করুন গরম গরম সবজি পাকোড়া।

৩. নুডুলসের পাকোড়া:

যা যা লাগবে:

প্যাকেটজাত নুডুলস – ১টি (সেদ্ধ করা), পেঁয়াজ কুচি – ১টি, কাঁচামরিচ কুচি – ২টি , গাজর কুচি – অল্প (ঐচ্ছিক), ধনেপাতা – কুচানো , বেসন – আধা কাপ , লবণ এবং মরিচ গুঁড়া – স্বাদ অনুযায়ী, তেল – ভাজার জন্য

যেভাবে বানাবেন: সেদ্ধ করা নুডুলসের সঙ্গে সব উপকরণ মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। চাইলে একটু পানি দিন, যাতে পাকোড়ার আকার দেওয়া যায়। এরপর হাত দিয়ে গোল বা চ্যাপ্টা করে গরম তেলে ভেজে নিন। কুড়মুড়ে, মজাদার নুডুলস পাকোড়া তৈরি।

৪. পেঁয়াজের পাকোড়া:

যা যা লাগবে:

পেঁয়াজ কুচি – ২টি, কাঁচামরিচ কুচি – ২টি, বেসন – ১ কাপ, ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ, বিট লবণ – স্বাদমতো , হলুদ এবং মরিচ গুঁড়া – স্বাদমতো, সামান্য পানি ( মাখানোর জন্য), তেল – ভাজার জন্য

যেভাবে বানাবেন: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে দিন। একটু পানি দিয়ে ঘন মিশ্রণ বানান। গরম তেলে ছোট ছোট চামচের সাহায্যে ফেলে লালচে করে ভেজে তুলুন। এই পেঁয়াজ পাকোড়া গরম চায়ের সঙ্গে একেবারে জমে যায়।

৫. ডিমের পাকোড়া:

যা যা লাগবে:

ডিম – ২টি, পেঁয়াজ কুচি – ১টি, কাঁচামরিচ কুচি – ২টি, ধনে পাতা কুচি – ১ টেবিল চামচ, বেসন – আধা কাপ, চালের গুঁড়া – ১ টেবিল চামচ (চাইলে), লবণ, হলুদ ও মরিচ গুঁড়া – স্বাদ অনুযায়ী, তেল – ভাজার জন্য

যেভাবে বানাবেন: প্রথমে ডিম ভালোভাবে ফেটে নিন। এরপর এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, লবণ, গুঁড়া মসলা, বেসন ও চালের গুঁড়া মিশিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করুন। চাইলে এক চিমটি বেকিং সোডাও দিতে পারেন, তাহলে পাকোড়া ফুলো ফুলো হবে। এবার গরম তেলে ছোট ছোট করে মিশ্রণ ফেলে লালচে করে ভেজে নিন। এই ডিমের পাকোড়া বাচ্চা থেকে বড় -সবারই পছন্দের।

বৃষ্টির দিনে ঘরের বারান্দায় কিংবা জানালার পাশে বসে পরিবার, প্রিয় মানুষ বা বন্ধুদের সঙ্গে এক কাপ চা আর এই ঘরোয়া পাকোড়াগুলোর স্বাদ… এই আনন্দের তুলনা নেই। একটু সময় নিয়ে বানিয়ে ফেলুন যে কোনো একটি রেসিপি। দেখা যাবে, মন ভালো হয়ে গেছে সবার!

চায়ের সঙ্গে টাবৃষ্টিভেজা বিকেলরেসিপি