১৮ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্ব

প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সৌদি নাগরিক হিসেবে এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছালেন রাশাদ নাকিব

IMG_7816

সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছানোর পথটি ছিল বেশ কঠিন। পাহাড়ি জনপদ, পাথুরে পথ ও বরফে ঢাকা দুর্গম এলাকা পাড়ি দিতে রাশাদ নাকিবের ভরসা ছিল ট্রেকিং পোল, স্পর্শানুভূতি এবং সহযাত্রীদের মৌখিক নির্দেশনা। এভারেস্টের চূড়ায় ওঠার অভিজ্ঞতা থাকা বদর আল-শাইবানি পেশাদার গাইডদের সহযোগিতায় অভিযানের নেতৃত্ব দেন।

এভারেস্ট বেজক্যাম্পের দুর্গম পাহাড়ি পথ পাড়ি দেওয়ার সময় যাত্রাবিরতিতে রাশাদ নাকিব (বাঁয়ে) ও বদর আল-শাইবানিএভারেস্ট বেজক্যাম্পের দুর্গম পাহাড়ি পথ পাড়ি দেওয়ার সময় যাত্রাবিরতিতে রাশাদ নাকিব (বাঁয়ে) ও বদর আল-শাইবানি

দুর্গম পথে নাকিবকে কীভাবে দিকনির্দেশনা দিয়েছেন, সে অভিজ্ঞতা ইনস্টাগ্রামে তুলে ধরেছেন আল-শাইবানি। তিনি লেখেন, পথের ধরন পরিবর্তন হলে কিংবা সামনে খাড়া কোনো ধাপ থাকলে নাকিবকে তা জানিয়ে দিতেন। নাকিব তার কণ্ঠস্বর ও পাথরের ওপর বুটের শব্দ অনুসরণ করতেন। পাশাপাশি লাঠি এবং পায়ের স্পর্শে পথের অবস্থা বুঝে নিতেন।

আল-শাইবানি জানান, নাকিবের সঙ্গে এই অভিযানে অংশ নিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘আমি আগেও এভারেস্টের চূড়ায় দাঁড়িয়েছি; কিন্তু রাশাদের সঙ্গে সেখানে দাঁড়ানোর অনুভূতি ছিল আলাদা। এটি আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছে।’

নাকিবের শৃঙ্খলাবোধ ও অটল সংকল্পেরও প্রশংসা করেন আল-শাইবানি। তার ভাষ্য, শারীরিক প্রতিবন্ধকতা থাকা ব্যক্তিদেরও যেন রোমাঞ্চকর ও কঠিন অভিযানে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয় এবং তারা উৎসাহিত হন, সেটিই ছিল তাদের অন্যতম উদ্দেশ্য।

অভিযান শেষে নিজের অভিজ্ঞতাকে অবিস্মরণীয় বলে বর্ণনা করেছেন রাশাদ নাকিব। তিনি জানান, বিপজ্জনক পথ ও উচ্চতাজনিত প্রতিকূলতার মধ্যেও পথপ্রদর্শকদের প্রতি আস্থা তাকে প্রতিটি পদক্ষেপে মনোযোগ ধরে রাখতে সহায়তা করেছে। তার আশা, এই অর্জন তরুণদের নিজেদের স্বপ্ন পূরণে উৎসাহ জোগাবে এবং প্রতিবন্ধকতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে।

Advertisements

অভিযানটির অভিজ্ঞতা ও মানবিক দিক নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ চলছে। ২০২৭ সালে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এভারেস্ট বেজক্যাম্পে সৌদি আরবের জাতীয় পতাকা হাতে রাশাদ নাকিব (ডানে) ও তাঁর অভিযানের নেতৃত্ব দেওয়া পর্বতারোহী বদর আল-শাইবানি (বাঁয়ে)এভারেস্ট বেজক্যাম্পে সৌদি আরবের জাতীয় পতাকা হাতে রাশাদ নাকিব (ডানে) ও তাঁর অভিযানের নেতৃত্ব দেওয়া পর্বতারোহী বদর আল-শাইবানি (বাঁয়ে)

সৌদি আরবের নাগরিকদের মধ্যে নাকিব প্রথম হলেও বিশ্বে এর আগেও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছেছেন। ভারতের ছোনজিন আংমো বিশ্বের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী নারী হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠার কৃতিত্ব অর্জন করেন। দ্য হিমালয়ান টাইমসের তথ্য অনুযায়ী, তিনি বেজক্যাম্পে ট্রেক সম্পন্ন করার পর চূড়ায় আরোহণ করেন। এ ছাড়া বেঙ্গালুরুর সফটওয়্যার প্রকৌশলী প্রিয়াঙ্কা আগরওয়াল ভারতের দ্বিতীয় দৃষ্টিপ্রতিবন্ধী নারী হিসেবে বেজক্যাম্প ট্রেক সম্পন্ন করেছেন বলে জানিয়েছে ডেকান হেরাল্ড।

দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের এভারেস্ট জয়ের ইতিহাসে আরও রয়েছেন চীনের ঝাং হং। ২০২১ সালে তিনি প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী এশীয় হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন। সিবিসির প্রতিবেদন অনুযায়ী, তিনি বিশ্বের তৃতীয় দৃষ্টিপ্রতিবন্ধী এভারেস্টজয়ী। এর আগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের এরিক ভাইহেনমায়ার এবং ২০১৭ সালে অস্ট্রিয়ার অ্যান্ডি হোলজার দৃষ্টিপ্রতিবন্ধী হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন বলে জানিয়েছে তেলেঙ্গানা টুডে।

এদিকে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা দ্য ওপেনওয়ার্ক ফাউন্ডেশন ২০২৭ সালের নভেম্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ট্রেকারদের নিয়ে এভারেস্ট বেজক্যাম্পে বিশেষ অভিযান আয়োজনের পরিকল্পনা করছে।

Advertisements