গরমের সহজ রেসিপি- কলার আইসক্রিম

এ মুহূর্তে বৈশাখের বৃষ্টির বদলে চলছে প্রচণ্ড দাবদাহ। দুর্বিষহ গরমে খানিকটা স্বস্তি পেতে বাসায় বানিয়ে নিতে পারেন কলার আইসক্রিম। ঘরে তৈরি কলার আইসক্রিম একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু ডেজার্ট, যা মাত্র ১-২টি উপাদান দিয়ে ব্লেন্ডারে তৈরি করা যায়।
উপকরণ
১। বড় সাইজের পাকা কলা ৫-৬টি
২। মিল্ক পাউডার ১/২ কাপ বা গরুর দুধ ১ কাপ
৩। চিনি ২ চামচ
৪। ভ্যানিলা এসেন্স (স্বাদমতো)।
প্রণালি
প্রথমে কলার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কাটুন। এবার কলার টুকরোগুলোকে একটি পাত্রে নিয়ে এক থেকে দুই ঘণ্টা ডিপ ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করুন।যদি গরুর দুধ ব্যবহার করতে চান তাহলে দুধের মধ্যে দুই চামচ চিনি মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। গুঁড়া দুধ ব্যবহার করলে চিনি মেশানোর দরকার নেই।
এবার ফ্রিজ থেকে কলা বের করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিন। তার সঙ্গে গুঁড়া দুধ বা গরুর দুধ ভালোভাবে মিশিয়ে নিন। গুঁড়া দুধ ব্যবহার করলে সামান্য পানি ব্যবহার করুন। খুব ভালোভাবে মেশাবেন যেন তার মধ্যে দানা দানা ভাব না থাকে।
এবার কলা আর দুধের মিক্সার একটি ঢাকনাওয়ালা পাত্রে নিয়ে ভালোভাবে মুখ আটকে চার-পাঁচ ঘণ্টা ডিপ ফ্রিজে রেখে দিন। ৪-৫ ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ও মজাদার ব্যানানা আইসক্রিম পরিবেশন করুন।



