‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ডের পরিবেশনা উপভোগ করতে সকাল থেকেই অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন দর্শনার্থীরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়, আর বিএনপির র্যালি শেষ হওয়ার পর কনসার্ট প্রাঙ্গণ পরিণত হয় জনসমুদ্রে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই সংগীত অনুষ্ঠানের ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সহযোগিতা করছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।
কনসার্টকে কেন্দ্র করে সকাল থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ লক্ষ করা যায়। তবে দুপুরের পর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে। কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ পরিবারের সদস্যদের নিয়ে হাজির হন প্রিয় শিল্পীদের গান সরাসরি শোনার প্রত্যাশায়। তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষকেও অনুষ্ঠানস্থলে অপেক্ষা করতে দেখা যায়।
এই আয়োজনের মঞ্চে গান পরিবেশন করার কথা রয়েছে দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ডের। তালিকায় রয়েছে নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। বিকেল ৪টায় শুরু হওয়া কনসার্টটি প্রায় সাত ঘণ্টা ধরে চলার কথা। দর্শকদের জন্য প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে।
অনুষ্ঠানস্থলে আসা দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, একই মঞ্চে একাধিক জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনা উপভোগের সুযোগ পেয়ে তারা উচ্ছ্বসিত।
ঢাকার মোহাম্মদপুর থেকে বন্ধুদের সঙ্গে কনসার্ট দেখতে এসেছেন মিফতাহুল জান্নাত। তিনি বলেন, দেশের এতগুলো পরিচিত ব্যান্ডকে একই মঞ্চে দেখার সুযোগ পাওয়া আনন্দের বিষয়। বিশেষ করে জেমস ও মাইলসের গান সরাসরি শোনার জন্য অপেক্ষা করছেন তিনি। বন্ধুদের সঙ্গে এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে তার ভালো লাগছে।
মাহি সিয়াম নামের আরেক তরুণ বলেন, বাংলাদেশের ব্যান্ড সংগীতের প্রতি তরুণদের আগ্রহ দীর্ঘদিনের। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশীয় ব্যান্ড সংগীতের সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। পছন্দের ব্যান্ডের গান সরাসরি শোনার অভিজ্ঞতা তার কাছে বিশেষ আনন্দের।
কনসার্টে আসা মহিয়াও নিজের পছন্দের কথা জানিয়েছেন। তার ভালো লাগে ওয়ারফেজ ও আর্টসেলের গান। তিনি মনে করেন, দর্শকদের জন্য এ ধরনের উন্মুক্ত সংগীত আয়োজন আরও করা প্রয়োজন।
দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ দেখা গেছে জেমস, মাইলস ও ওয়ারফেজের পরিবেশনা ঘিরে। পরিচিত গানগুলো সরাসরি শোনার অপেক্ষায় অনেকেই দীর্ঘ সময় ধরে অনুষ্ঠানস্থলে অবস্থান করছেন।
এদিকে, কনসার্টকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।



