শীতে ত্বকে ফিরুক স্বাভাবিক উজ্জ্বলতা

শীত এলে ঘরে ঘরে কমলালেবুর আবির্ভাব যেন স্বাভাবিক দৃশ্য। ভিটামিন ‘সি’-সমৃদ্ধ এই ফল শুধু সুস্বাদুই নয়, ত্বকের জন্যও দারুণ উপকারী। আমরা সাধারণত ফলের ভেতরের অংশ খাই, আর খোসা ফেলে দিই। কিন্তু জানেন কি, কমলালেবুর খোসাই ত্বকের যত্নে আসল রত্ন!
এই খোসায় আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ও প্রচুর ভিটামিন ‘সি’ যা ত্বকের কোলাজেন তৈরিতে সাহায্য করে। ফলে ত্বক থাকে টাইট, উজ্জ্বল ও ব্রণ কম হয়। বাড়িতে খুব সহজেই এই খোসা শুকিয়ে গুঁড়া করে ফেসপ্যাক বানাতে পারেন। কসমেটোলজিস্টদের মতে, তাজা উপাদানে তৈরি প্যাক ত্বকে দ্রুত কাজ করে। তাই এবার শীতে আপনার ত্বকের রুটিনে রাখুন কমলার খোসা।
উজ্জ্বলতা ফেরাতে ক্লিনজিং প্যাক – শীতে ত্বক সাধারণত প্রাণহীন ও কালচে দেখায়। কমলার খোসার গুঁড়া স্ক্রাবের মতো কাজ করে। মৃত কোষ তুলে ত্বককে সতেজ করে।
১ টেবিল চামচ কমলালেবুর খোসার গুঁড়া ১ টেবিল চামচ টক দইয়ে ভালোভাবে মিশিয়ে মুখ, গলা ও ঘাড়ে লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে একবার ব্যবহার করুন। ত্বকের উজ্জ্বলতা ধীরে ধীরে ফিরে আসবে।
ব্রণপ্রবণ ত্বকের জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল প্যাক – শীতেও অনেকের ত্বকে ব্রণ বেড়ে যায়। কমলার খোসায় থাকা জীবাণুনাশক ও প্রদাহনাশক উপাদান ব্রণ নিয়ন্ত্রণে সাহায্য করে।

পদ্ধতি–১ (টোনার): একটি আস্ত কমলার খোসা সামান্য পানিতে সেদ্ধ করে ঠান্ডা করুন। সেই পানি ফ্রিজে রেখে টোনার হিসেবে ব্যবহার করুন।
পদ্ধতি–২ (মাস্ক): তাজা কমলার খোসা আর মসুর ডাল একসঙ্গে বেটে মুখে লাগান। নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে মসৃণ ও ব্রণ কমবে।
রোদে পোড়া দাগ দূর করতে সানট্যান রিমুভাল প্যাক – শীতে রোদে ঘোরার পর ত্বকে বাদামি বা তামাটে দাগ অনেকেই লক্ষ্য করেন। কমলার খোসা সেই দাগ তুলতে চমৎকার কাজ করে।
রেসিপি–১:
– ২ টেবিল চামচ কমলার খোসা গুঁড়া
– ১ টেবিল চামচ চন্দন গুঁড়া
কয়েক ফোঁটা গোলাপজল পেস্টটি মুখ ও গলায় লাগিয়ে ২০ মিনিট রাখুন, তারপর ধুয়ে নিন। মাসে ৩–৪ বার ব্যবহার করুন।
রেসিপি–২ (ব্রণ নেই এমন ত্বকের জন্য):
– ১ টেবিল চামচ কমলার খোসা গুঁড়া
– ১ টেবিল চামচ হলুদ- ১ টেবিল চামচ মধু ১০ মিনিট রাখুন, তারপর গোলাপজলে মুখ পরিষ্কার করুন।
রেসিপি–৩ (দ্রুত ফলের জন্য):
– ২ টেবিল চামচ বেসন
– ১ টেবিল চামচ কমলার খোসা বাটা
অল্প দুধ ঘন প্যাক তৈরি করে ত্বকে পুরু করে লাগান। ২০ মিনিট পর কুসুম গরম পানিতে ভেজানো তোয়ালে দিয়ে হালকা ম্যাসাজ করে তুলে ফেলুন। এরপর সাধারণ পানি দিয়ে ধুয়ে নিন। একবার ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল, নরম ও সতেজ।
বাহ্যিক রূপচর্চার পাশাপাশি কমলালেবু ও এর রস নিয়মিত খেলে ত্বক ভেতর থেকেও পুষ্টি পায়। এতে ত্বকের ক্ষয়ক্ষতি সারাতে শরীর নিজেই কাজ করে।
শীতের ত্বক পরিচর্যায় তাই কমলালেবুর খোসা এক ধরনের প্রাকৃতিক ‘বিউটি সিক্রেট’। সহজলভ্য এই উপাদানটি ব্যবহার করুন নিয়মিত। দেখবেন, আপনার ত্বক হয়ে উঠছে আগের চেয়ে আরও উজ্জ্বল, নরম এবং সুস্থ।



