মুখের ব্রণ চেপে ফাটানোর পরিণতি

আয়নায় মুখের দিকে তাকিয়ে একটা ব্রণ দেখলে অনেকেই অস্থির হয়ে পড়েন। “এইটা চেপে ফাটিয়ে ফেলি!” দেখতে সামান্য লাগলেও এই একটিমাত্র কাজ কখনো কখনো ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, মুখের নির্দিষ্ট অংশে ব্রণ ফাটালে সেটি সরাসরি মস্তিষ্কে সংক্রমণ ছড়াতে পারে। এমনকি হতে পারে প্যারালাইসিস বা খিঁচুনি পর্যন্ত।
মুখের উপরের ঠোঁট থেকে নাকের মাঝের অংশ পর্যন্ত যে ত্রিভুজাকার জায়গা। সেটিকে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় ‘ডেঞ্জার জোন’ বা ‘মৃত্যুর ত্রিভুজ’। এই অঞ্চলের রক্তনালিগুলো সরাসরি মস্তিষ্কের সঙ্গে যুক্ত। ফলে এখানে থাকা ব্রণ চেপে ফাটালে সংক্রমণ সহজেই মস্তিষ্কে পৌঁছাতে পারে। ফলে হতে পারে মস্তিষ্কে সংক্রমণ, খিঁচুনি, পক্ষাঘাত (প্যারালাইসিস),এমনকি জীবনহানিও।
আমেরিকান হলিস্টিক প্লাস্টিক সার্জন ড. অ্যান্থনি ইউন বলেন, “দুই ভ্রুর মাঝের ব্রণ কখনোই ফাটানো উচিত নয়।

এখানকার স্নায়ু ও রক্তনালিগুলো সরাসরি মস্তিষ্কের সঙ্গে যুক্ত থাকে।”
ব্রণ ফাটানোর বদলে কয়েকটি সহজ ও নিরাপদ উপায় মেনে চললেই বিপদ এড়ানো সম্ভব।
গরম সেঁক – পরিষ্কার তোয়ালে গরম পানিতে ভিজিয়ে ১০ মিনিটের মতো ব্রণের ওপর রাখুন। এতে পুঁজ সহজে বের হয়ে ব্রণ নিজে থেকেই শুকিয়ে যাবে।
টি ট্রি অয়েল – ১ চা চামচ নারিকেল বা জলপাই তেলে ২ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে হালকাভাবে ব্রণের ওপর লাগান। এটি প্রদাহ ও সংক্রমণ কমায়।
মধু ও অ্যালোভেরা – প্রাকৃতিক মধু বা অ্যালোভেরা জেল ২০ মিনিট রেখে ধুয়ে ফেললে ত্বকের লালচেভাব ও জ্বালা কমে যায়।
চিকিৎসকের পরামর্শ – ব্রণ বড় হলে, ব্যথা করলে বা বারবার ফিরে এলে নিজে কিছু না করে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যান।
ব্রণ শুধু সৌন্দর্যের সমস্যা নয়। এটি শরীরের হরমোনের ভারসাম্য, খাবারের অভ্যাস ও মানসিক চাপের সাথেও সম্পর্কিত। তাই মুখে হাত না দিয়ে ধৈর্য ধরুন, নিয়মিত ত্বক পরিষ্কার রাখুন, স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। “মুখের ব্রণ ফাটানো মানে নিজের শরীরের ওপর ঝুঁকি ডেকে আনা। বিশেষ করে নাক ও ভ্রুর আশপাশে কখনোই খোঁটাখুঁটি নয়।” বলেছেন ড. অ্যান্থনি ইউন
ব্রণ নিজে থেকেই শুকিয়ে যায়। কিন্তু ফাটানোর পর তৈরি দাগ বা সংক্রমণ থেকে মুক্তি পাওয়া কঠিন। তাই পরেরবার আয়নায় ব্রণ দেখলে হাত নয়, সচেতনতা ব্যবহার করুন।



