বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ১২ জুন, ২০২৬
নারী

চালক-হেল্পার সবাই নারী, আসছে বিশেষ ‘পিংক বাস’

57b3a2ff-b0bf-4802-a377-490f23854bff

নারীদের নিরাপদ ও স্বচ্ছন্দ যাতায়াত নিশ্চিত করতে ‘পিংক বাস’ সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, কর্মজীবী নারী ও নারী শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। কর্মক্ষেত্রে যেকোনো ধরনের সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, নারীদের জন্য নিরাপদ আবাসন সুবিধা সম্প্রসারণের পাশাপাশি আধুনিক ও নিরাপদ যাতায়াতব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। এর অংশ হিসেবে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সেবা চালু করা হবে।

অর্থমন্ত্রী আরও জানান, এই বাসসেবার পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন নারীরাই। অর্থাৎ চালক থেকে শুরু করে সংশ্লিষ্ট অন্যান্য দায়িত্বেও নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

সংসদে এ ঘোষণা দেওয়ার সময় উপস্থিত নারী সংসদ সদস্যরা করতালির মাধ্যমে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে কর্মজীবী নারী ও নারী শ্রমিকদের যাতায়াত আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও হয়রানিমুক্ত হবে বলে আশাবাদী সরকার।

নারীনিরাপদপিংক বাস