১০ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৬ ভাদ্র ১৪৩৩
জীবনযাপন

শপিং এডিকশন থেকে কিভাবে বাঁচবেন?

220-SM848021

আজকাল কেনাকাটা শুধু প্রয়োজন মেটানোর বিষয় নয়। অনেকের কাছে কেনাকাটা এখন আনন্দেরও উৎসে পরিণত হয়েছে। নতুন কিছু কিনলে মন ভালো হয়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু যখন কেউ দুঃখ, চাপ বা একাকিত্ব কাটানোর উপায় হিসেবে কেনাকাটাকে ব্যবহার করেন, তখন সেটি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। একে বলা হয় শপিং অ্যাডিকশন বা কেনাকাটায় আসক্তি।

কীভাবে বুঝবেন আপনি আসক্ত হয়ে পড়েছেন? সব সময় মনে হয় কিছু একটা কিনতেই হবে। বারবার ঠিক করেন আর টাকা খরচ করবেন না। কিন্তু শেষমেশ থামতে পারেন না। কেনাকাটা শেষে মনে হয় অপরাধ করেছেন। অথচ অপ্রয়োজনীয় জিনিসের স্তূপ জমে ওঠে ঘরে। এমনকি এর ফলে আর্থিক চাপ তৈরি হয়। ক্রেডিট কার্ডের বিল বা ঋণের বোঝা মাথায় চেপে বসে। সবচেয়ে বড় বিষয় হলো, দুঃখ, হতাশা বা চাপ সামলাতে অনেকেই কেনাকাটার ওপর নির্ভর করেন। এতে সাময়িক স্বস্তি পেলেও স্থায়ী সমাধান হয় না।

এই আসক্তির পেছনে কাজ করে নানা কারণ। মানসিক দিক থেকে বিষণ্নতা, উদ্বেগ বা আত্মবিশ্বাসের অভাব অনেককে কেনাকাটায় ঠেলে দেয়। সমাজও আমাদের শেখায় নতুন জিনিস মানেই সুখ বা সাফল্য। বিজ্ঞাপন তো আছেই। বিজ্ঞাপনে বোঝায় এটা না কিনলে আপনি পিছিয়ে পড়ছেন। আবার অনেকে ‘রিটেইল থেরাপি’ হিসেবে কেনাকাটা করেন। অর্থাৎ মন খারাপ হলে কিছু কিনে ভালো লাগানোর চেষ্টা করেন। কিন্তু এতে সমস্যার মূল জায়গায় কোনো পরিবর্তন আসে না।

সাধারণ কেনাকাটা আর আসক্তির মধ্যে পার্থক্য এখানেই। সাধারণত আমরা প্রয়োজন মেনে বাজেটের মধ্যে কেনাকাটা করি এবং তাতে আনন্দ পাই। কিন্তু আসক্ত হলে কেনাকাটা হয়ে ওঠে অপ্রয়োজনীয়, অপরাধবোধ তৈরি করে এবং অর্থনৈতিক চাপ বাড়ায়।

তাহলে কীভাবে নিয়ন্ত্রণ করবেন এই অভ্যাস? সবার আগে নিজের জন্য বাজেট তৈরি করতে হবে। প্রতি মাসে কত খরচ করবেন, শপিংয়ের জন্য আলাদা সীমা নির্ধারণ করুন। সম্ভব হলে ক্রেডিট কার্ড ব্যবহার কমিয়ে নগদ অর্থে কেনাকাটা করুন। এতে খরচের ওপর নিয়ন্ত্রণ বাড়বে। মন ভালো রাখার বিকল্প উপায় খুঁজে নিন। হাঁটতে বের হন, বই পড়ুন, গান শুনুন কিংবা নতুন কোনো শখে সময় দিন। কাছের মানুষদের সঙ্গে নিজের সমস্যার কথা শেয়ার করুন, তাঁদের সমর্থন বড় সহায়ক হতে পারে। প্রয়োজনে মনোবিজ্ঞানী বা কাউন্সেলরের সাহায্য নিন, আর্থিক চাপ সামলাতে চাইলে ফাইন্যান্স বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।

মনে রাখবেন কেনাকাটা আনন্দদায়ক। কিন্তু তা যেন জীবনের নিয়ন্ত্রণ না নিয়ে নেয়। নিজের অভ্যাসের প্রতি খেয়াল রাখুন, প্রয়োজনে সাহায্য নিন। সুস্থ মন ও সুশৃঙ্খল অর্থনৈতিক জীবনই পারে আপনাকে সত্যিকারের সুখী করতে।

Advertisements