ঝামেলাহীনভাবে আইলাইনার দেওয়ার ৩টি সহজ কৌশল

আইলাইনার দেওয়া শুনতে যতটা সহজ। করতে গিয়ে অনেকের কাছেই ততটাই কঠিন মনে হয়। বিশেষ করে দুই চোখের উইংস একেবারে সমান করা যেন এক বিরাট চ্যালেঞ্জ। ফলে সাজগোজের মেজাজটাই নষ্ট হয়ে যায়। তবে চিন্তা নেই কয়েকটি ছোট্ট কৌশল জানলে আইলাইনার দেওয়া আর কঠিন মনে হবে না।
ববি পিনের সাহায্যে
চুল বাঁধার জন্য ব্যবহৃত সাধারণ ববি পিন আইলাইনার দেওয়ার কাজে ব্যবহার করতে পারেন। প্রথমে ববি পিনের মাথায় হালকা করে আইলাইনার লাগিয়ে নিন। এরপর চোখের বাইরের কোণে আলতো চাপ দিয়ে ছাপ ফেলুন। সেই ছাপের ওপর ভর করে লাইন টেনে নিন। এতে দুই চোখের উইংস প্রায় সমান হবে।

স্কচটেপের কৌশল
যাঁরা নতুন, তাঁদের জন্য স্কচটেপ হতে পারে দারুণ হ্যাক।চোখের বাইরের কোণে একটি ছোট টুকরো টেপ লাগান।টেপের ধারে আইলাইনার এঁকে ফেলুন। লাইন সম্পূর্ণ হলে টেপ সরিয়ে ফেলুন। খেয়াল রাখবেন, খুব বেশি আঠালো টেপ যেন ব্যবহার না হয়। তা না হলে চোখের চারপাশের ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে।
সিলিকন অ্যাপ্লিকেটর
বাজারে এখন বিশেষ ধরনের সিলিকন অ্যাপ্লিকেটর পাওয়া যায়। অ্যাপ্লিকেটরটি চোখের ওপরে বসান।
এরপর এর ধার ঘেঁষে আইলাইনার টানুন। এতে নিখুঁত উইংস পাওয়া সহজ হয়। বিশেষত যাঁরা একেবারেই নতুন তাঁদের জন্য এটি বেশ কার্যকর।
আরও কিছু দরকারি টিপস
- তাড়াহুড়ো না করে ধীরে ধীরে আইলাইনার দিন।
- একবারে পুরো উইংস না টানতে পারলে ছোট ছোট ডট করে টেনে মিলিয়ে নিন।
- ভুল হলে কটনবাডে সামান্য মেকআপ রিমুভার নিয়ে ঠিক করে নিন।
- ছোট চোখে পাতলা লাইন, আর বড় চোখে মোটা লাইন মানাবে বেশি।
- গরম বা আর্দ্র আবহাওয়ায় ওয়াটারপ্রুফ আইলাইনার ব্যবহার করুন।
- উইংস আঁকার সময় আয়নার দিকে তাকিয়ে চোখ খোলা রাখুন। চোখ বন্ধ করলে উইংস বেঁকে যেতে পারে।
আইলাইনার দেওয়া মোটেও ভয় পাওয়ার মতো কিছু নয়। একটু ধৈর্য আর সঠিক কৌশল ব্যবহার করলেই আপনি পেয়ে যাবেন নিখুঁত ও সমান উইংস। এতে আপনার সাজকে করে তুলবে আরও আকর্ষণীয়।



