১০ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৬ ভাদ্র ১৪৩৩
জীবনযাপন

প্লাস্টিকের পাত্র, বোতল ও স্প্যাচুলা যতদিন ব্যবহারে নিরাপদ

images (9)

আমাদের রান্নাঘরে সবচেয়ে বেশি ব্যবহৃত জিনিসের মধ্যে রয়েছে প্লাস্টিকের পাত্র, পানির বোতল এবং সিলিকন স্প্যাচুলা। খাবার রাখা, রান্নার সময় নাড়াচাড়া করা কিংবা পানি পান সবক্ষেত্রেই এগুলো হাতের কাছে থাকে। তবে মনে রাখা জরুরি, এসব জিনিস চিরস্থায়ী নয়। নির্দিষ্ট সময় পর বদলানো না হলে এগুলো থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ খাবারে মিশে স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করতে পারে।

প্লাস্টিক পাত্র কত দিন ব্যবহার করবেন?

প্লাস্টিকের পাত্র শক্ত হলেও দীর্ঘদিন ব্যবহারে ক্ষয়ে যায়। ফাটল, আঁচড়, চটচটে ভাব বা ঢাকনা ঠিকমতো বন্ধ না হলে তা ফেলে দেওয়া উচিৎ। কারণ এগুলো জীবাণু জমার সুযোগ তৈরি করে এবং খাবারে মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে দিতে পারে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের কনটেইনার কখনোই বারবার ব্যবহার করা উচিত নয়। নিয়মিত ব্যবহৃত পাত্র অন্তত মাসে একবার পরীক্ষা করুন। যেগুলো কম ব্যবহার করেন সেগুলো ৩ মাস পরপর দেখে নিন।

প্লাস্টিক বোতলের আয়ু কত?

প্লাস্টিক বোতলের একটা নির্দিষ্ট আয়ু থাকে। সেই সময় পর প্লাষ্টিক বোতলগুলো নষ্ট হয়ে যায়। সাধারণ প্লাস্টিক বোতল এক–দুবার ব্যবহার করাই নিরাপদ। বারবার ব্যবহারে এতে ব্যাকটেরিয়া জমে এবং ক্ষতিকর রাসায়নিক বের হতে পারে।  অন্যদিকে টেকসই বোতল ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত ব্যবহার করা যায়। তবে ফাটল, বিকৃতি, গন্ধ বা দাগ দেখা দিলে সঙ্গে সঙ্গে বদলে ফেলুন।  নিরাপদ বিকল্প হলো স্টেইনলেস স্টিল, কাচ বা বিপিএ-মুক্ত বোতল।

সিলিকন স্প্যাচুলা কত দিন ব্যবহার করবেন?

রান্নায় ব্যবহৃত সিলিকন স্প্যাচুলা তাপ সহ্য করতে পারে। তাই তুলনামূলকভাবে নিরাপদ। তবে এটিও নির্দিষ্ট সময়ের পর বদলানো দরকার। ভালো মানের সিলিকন স্প্যাচুলা দেড় থেকে দুই বছর পর্যন্ত ব্যবহারযোগ্য।  কম মানের বা বেশি তাপে ব্যবহৃত স্প্যাচুলা ৬ মাস থেকে ১ বছরের মধ্যে বদলে ফেলা উচিৎ।  রং ফিকে হয়ে যাওয়া, গন্ধ লেগে থাকা, নরম হয়ে যাওয়া বা কোনো অংশ আলগা হয়ে গেলে আর ব্যবহার করবেন না।কেন ঝুঁকি তৈরি হয়?গরমে প্লাস্টিক পাত্র থেকে ক্ষতিকর রাসায়নিক যেমন বিসফেনল-এ (BPA) বা ফথালেটস বের হতে পারে। এগুলো শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে, এমনকি প্রজনন সমস্যা ও ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

বিকল্প কী হতে পারে?

কাচের পাত্র – ভারী হলেও সবচেয়ে নিরাপদ ও টেকসই।

স্টেইনলেস স্টিল, সিরামিক বা চীনামাটি – গন্ধ ধরে না, দীর্ঘদিন টেকে।

ফুড-গ্রেড সিলিকন – তুলনামূলক নিরাপদ হলেও নির্দিষ্ট সময় পর বদলানো জরুরি।

রান্নাঘরে প্লাস্টিকের জিনিস ব্যবহার যতই সুবিধাজনক হোক না কেন সময়মতো বদলানো খুব জরুরি। আর সম্ভব হলে কাচ, স্টিল বা সিরামিকের মতো বিকল্প ব্যবহার করুন। এতে খাবার যেমন নিরাপদ থাকবে, তেমনি আপনার স্বাস্থ্যও ঝুঁকিমুক্ত থাকবে।

Advertisements