১০ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৬ ভাদ্র ১৪৩৩
বিবিধ

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রুখতে নতুন আইন

image-310640-1784207768

ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠলেও এর অপব্যবহার নিয়ে বাড়ছে উদ্বেগ। নারীর প্রতি অনলাইন সহিংসতা, অশ্লীল ভাষার ব্যবহার, বুলিংসহ নানা ধরনের ক্ষতিকর কর্মকাণ্ড ঠেকাতে একটি যুগোপযোগী সাইবার সুরক্ষা আইন প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাইবার সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভার শুরুতে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বর্তমানে সাইবার জগৎ ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের কর্মকাণ্ড ঘটছে, যা মানুষের নিরাপত্তা ও অধিকারকে ঝুঁকির মুখে ফেলছে। এসব ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দেশের জনগণকে সুরক্ষা দিতে কার্যকর একটি সাইবার সুরক্ষা আইন প্রয়োজন। তবে আইনটি এমন হতে হবে, যাতে সময়ের সঙ্গে প্রযুক্তির পরিবর্তনের বিষয়টি বিবেচনায় থাকে এবং একই সঙ্গে মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য ও প্রযুক্তি, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, তথ্য এবং আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত ও পরামর্শ নিয়ে একটি কার্যকর ও বাস্তবসম্মত আইন প্রণয়ন করাই এই কমিটির মূল উদ্দেশ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর প্রতি সহিংসতা, অশ্লীল ভাষার ব্যবহার এবং বুলিংয়ের মতো বিষয়গুলোর দিকে বিশেষ গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর মতে, এসব কর্মকাণ্ডের প্রভাব শুধু একজন ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে না; ধীরে ধীরে তা সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। এতে সামাজিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বৃহত্তর পরিসরে সামাজিক অবক্ষয়ের আশঙ্কাও তৈরি হয়।

শামা ওবায়েদ বলেন, সাইবার জগতের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর ক্ষতিকর দিকগুলো থেকেও মানুষকে নিরাপদ রাখা জরুরি। আর সে লক্ষ্যেই সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে একটি যুগোপযোগী সাইবার সিকিউরিটি আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এই আইন প্রণয়নের ক্ষেত্রে প্রযুক্তির দ্রুত পরিবর্তন, নাগরিকের অধিকার, ব্যক্তিগত নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার—সব বিষয়কে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

Advertisements