বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
রূপ-সৌন্দর্য

শরতে ঝরিয়ে দিন মরা কোষ

20-SM187239

শরতের শুরু থেকে বসন্ত পর্যন্ত অনেকেই লক্ষ্য করেন, ত্বক হয়ে যায় নিস্তেজ আর রুক্ষ। এর মূল কারণ ত্বকের ওপর জমে থাকা মরা কোষ। বিশেষ করে কনুই, হাঁটু আর গোড়ালিতে এ সমস্যা বেশি দেখা যায়। শুষ্ক ত্বকের মানুষদের জন্য তো এটি আরও কষ্টকর। সময়মতো এক্সফোলিয়েশন না করলে ত্বক মলিন দেখায়। আবার ময়শ্চারাইজারও ত্বকের ভেতরে কাজ করতে পারে না। তাই সপ্তাহে অন্তত দুই দিন ত্বক ভালোভাবে স্ক্রাব করা জরুরি।

মরা কোষ জমে গেলে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে যায়। নিয়মিত এক্সফোলিয়েশন করলে মরা কোষ ঝরার পাশাপাশি ত্বক নরম ও টানটান থাকে। এতে ত্বকের ইলাস্টিসিটিও বজায় থাকে এবং ফাটার ঝুঁকি কমে।

ঘরোয়া উপকরণে স্ক্রাবিং
চিনি ও তেলের মিশ্রণ – এক চামচ চিনি নিয়ে তার সঙ্গে নারকেল, সরিষা বা অলিভ অয়েল মিশিয়ে হালকা হাতে ত্বকে ম্যাসাজ করুন। চাইলে মধু আর কয়েক ফোঁটা লেবুর রসও মেশাতে পারেন। এতে ত্বক নরম ও পরিষ্কার হবে।

চিনি ও কফির মিশ্রণ – কফি মরা কোষ ঝরাতে দারুণ কাজ করে। চিনি, কফি, সামান্য অলিভ অয়েল আর মধু মিশিয়ে ত্বকে লাগান। বিশেষ করে ঠোঁট, কনুই, হাঁটু ও গোড়ালিতে ব্যবহার করলে কালচে ভাব কমে যাবে।

বেসন, দুধ ও হলুদবাটা – গোসলের আগে ত্বকে সামান্য তেল মাখুন। এরপর বেসন, দুধ আর কাঁচা হলুদ মিশিয়ে ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। এতে ত্বক হবে উজ্জ্বল ও কোমল।

কমলার খোসা ও টক দই – কমলার খোসা ব্লেন্ড করে তাতে টক দই মিশিয়ে স্ক্রাব করুন। সপ্তাহে দু’দিন এভাবে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হবে। চাইলে খোসাবাটা, বেসন আর দুধ মিশিয়েও ব্যবহার করতে পারেন।

বিশেষ কিছু টিপস
গোসলের আগে হালকা গরম নারকেল তেল ত্বকে ম্যাসাজ করলে স্ক্রাবের প্রভাব আরও বাড়ে। অতিরিক্ত শক্তভাবে ঘষবেন না, এতে ত্বক লাল হয়ে যেতে পারে। স্ক্রাব করার পর অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে।

নিয়মিত এক্সফোলিয়েশন মানে শুধু উজ্জ্বল ত্বক নয়, বরং সুস্থ ও প্রাণবন্ত ত্বকের নিশ্চয়তা। এই শরতে তাই স্ক্রাবিং রাখুন আপনার স্কিনকেয়ার রুটিনের অন্যতম অংশ।