বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২৩ আগস্ট, ২০২৬
বিবিধ

বংশী নদীতে গলায় কলস ও মুখ বাঁধা নারীর মরদেহ উদ্ধার

dhamrai-thana-20260729215102

ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে গলিত অবস্থায় ছাহেরা খাতুন (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় কলস এবং চোখ-মুখ বাঁধা ছিল।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে ধামরাই সদর ইউনিয়নের হাজিপুর গুচ্ছগ্রাম সংলগ্ন বংশী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শনিবার (২২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান।

নিহত ছাহেরা খাতুন হাজিপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ছিলেন। তিনি ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে হাজিপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা খান বলেন, নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোখ-মুখ ও গলায় কলস বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

তিনি জানান, শনিবার সকালে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।