শিক্ষার্থীদের নেতৃত্বের গুণ বিকাশে স্কুলে হবে ‘গভর্ন্যান্স প্রতিযোগিতা’

শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণ তৈরি এবং ভবিষ্যতে দেশ পরিচালনায় তাদের প্রস্তুত করতে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে ‘গভর্ন্যান্স প্রতিযোগিতা’ চালু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শনিবার বসিলার ফিরোজা বাশার আইডিয়াল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ কথা জানান তিনি। অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
ববি হাজ্জাজ বলেন, বিদ্যালয়ের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই ‘গভর্ন্যান্স প্রতিযোগিতায়’ অংশ নিতে পারবে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার জন্য উৎসাহিত করা হবে।
তিনি জানান, প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থী এক লাখ টাকার বেশি মূল্যের পুরস্কার পাবে। প্রথম ও দ্বিতীয় রানারআপের জন্যও থাকবে পুরস্কার।
এ ছাড়া প্রতিযোগিতায় সেরা তিনজন শিক্ষার্থী এক দিনের জন্য ‘শ্যাডো মন্ত্রী’ ও ‘শ্যাডো সংসদ সদস্য’ হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাবে। এর মাধ্যমে তারা দেশ পরিচালনা ও নেতৃত্ব দেওয়ার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।
ববি হাজ্জাজ বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের জন্য ভবিষ্যতে নেতৃত্বের দায়িত্ব নিতে আরও উৎসাহিত হবে। একই সঙ্গে তাদের নেতৃত্বের গুণাবলি বিকাশে প্রতিযোগিতাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ফিরোজা বাশার আইডিয়াল কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করা ২৬৬ শিক্ষার্থীর প্রশংসা করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, মোহাম্মদপুর অঞ্চলে শতভাগ পাসের হারে কলেজটি দ্বিতীয় অবস্থানে রয়েছে।



