বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২৩ আগস্ট, ২০২৬
নারী

জুবাইদা রহমানের উদ্বোধনে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা কর্মসূচি

fb9d764e902ab50211db0ec7ea60da5a-6a89d495aea9a

রাজধানীর ভাসানটেক, করাইল ও সাততলা বস্তি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি শনাক্তকরণ ও অপারেশন-সংক্রান্ত সেবা কর্মসূচির উদ্বোধন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

শনিবার (২২ আগস্ট) সকালে তিনি চিকিৎসা ক্যাম্পটি পরিদর্শন করেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা এবং অর্থোপেডিক সার্জন অধ্যাপক শাহ মুহাম্মদ আমান উল্লাহ, পরিচালক (প্রোগ্রাম) প্রকৌশলী মো. মাহবুব আলম, পরিচালক (প্রোগ্রাম) কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, পরিচালক প্রকৌশলী একেএম জহিরুল ইসলাম, আজীবন সদস্য রেজাউর রহমান চৌধুরী সুমন, ডা. সাঈদ মেহেবুব কাদির ও সোহেল আহমেদ। এ ছাড়া কর্মসূচিতে সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরাও উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় ভাসানটেক, করাইল ও সাততলা বস্তি এলাকার প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চশমাও সরবরাহ করা হয়। পাশাপাশি ছানি আক্রান্ত রোগীদের শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়।

ক্যাম্পে ডা. জুবাইদা রহমানের উপস্থিতি রোগী, চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ তৈরি করে। তার উপস্থিতিতে পুরো কর্মসূচিতে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।

আয়োজকেরা জানান, আর্থিক সংকটের কারণে নিম্নআয়ের অনেক মানুষ সময়মতো প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা নিতে পারেন না। বিশেষ করে ছানি ও দৃষ্টিশক্তিজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তারা বলেন, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কোনো মানুষ যেন প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই মানবিক দায়বদ্ধতা থেকেই কর্মসূচির আয়োজন করা হয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান আয়োজকেরা।

কর্মসূচিতে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Advertisements