বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
রূপ-সৌন্দর্য

রঙিন চুলের যত্ন-আত্তি

1Y6A7629

আজকাল টিনএজার থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ চুলে নানা রঙ করতে পছন্দ করেন। ক্যারামেল, ব্লন্ড, ব্রাউন, অম্ব্রে ছাড়াও অনেকে বেছে নিচ্ছেন ফাংকি কালার যেমন লাল বা নীল। দেখতে আকর্ষণীয় হলেও চুলে রঙ করার মানেই হলো রাসায়নিকের ব্যবহার। এটা চুলের জন্য বেশ ক্ষতিকর হতে পারে। ফলস্বরূপ চুল পড়া, রুক্ষ হয়ে যাওয়া, ভেঙে যাওয়া কিংবা দুর্বল হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। তাই রঙ করার পর চুলের বিশেষ যত্ন নেওয়া একেবারেই জরুরি। চুলে রঙ করার পর প্রতিদিন শ্যাম্পু করা থেকে বিরত থাকতে হবে। কারণ এতে রঙ দ্রুত ফিকে হয়ে যায় এবং চুল আরও শুকনো হয়ে ওঠে। সপ্তাহে অন্তত দুইবার শ্যাম্পুর পর হেয়ার মাস্ক ব্যবহার করলে চুলের আর্দ্রতা বজায় থাকে। পাশাপাশি তেলের যত্নও খুব জরুরি। তবে কোন তেল ব্যবহার করবেন তা নির্ভর করবে আপনার স্ক্যাল্প এবং চুলের ধরনের ওপর। নিয়মিত তেল ব্যবহার করলে রুক্ষ ও ক্ষতিগ্রস্ত চুল ধীরে ধীরে আবার প্রাণ ফিরে পায়।

রঙিন চুলে হেয়ার স্ট্রেটনার বা হেয়ার ড্রায়ারের মতো হিটিং প্রোডাক্ট ব্যবহার না করাই ভালো। কারণ এতে চুল আরও শুষ্ক ও ভঙ্গুর হয়ে ওঠে। নির্দিষ্ট সময় পর পর চুল ট্রিম করাও জরুরি। রঙের কারণে চুলের ডগা ফেটে যেতে পারে। তাই নিয়মিত ট্রিম করলে চুল থাকবে স্বাস্থ্যকর ও সুন্দর।

চুলে স্থায়ী রঙ করার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। অনেক সময় যে রঙটিকে ভালো লাগছে। কিছুদিন পর সেটিই অপছন্দ হয়ে যেতে পারে। তাই প্রথমবার রঙ করার ক্ষেত্রে অস্থায়ী রঙ বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। পাশাপাশি যত্রতত্র বা নিজে নিজে রঙ না করে সবসময় অভিজ্ঞ কারও সাহায্য নেওয়া উচিৎ।

রঙিন চুলকে রোদ থেকে বাঁচানোও খুব গুরুত্বপূর্ণ। বাইরে গেলে চুল ঢেকে রাখা বা টুপি পরা ভালো। আর মাসে অন্তত একবার পার্লারে গিয়ে রঙিন চুলের বিশেষ ট্রিটমেন্ট নিলে রঙ দীর্ঘদিন টিকে থাকে এবং চুলও থাকে উজ্জ্বল ও সুন্দর।রঙিন চুলে শুধু স্টাইল নয়, বরং সঠিক যত্নও জরুরি। নিয়ম মেনে যত্ন নিলে আপনার চুল দীর্ঘদিন ধরে থাকবে রঙিন, উজ্জ্বল এবং প্রাণবন্ত।