বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
জীবনযাপন

মাইগ্রেনের অসহ্য ব্যথা? দ্রুত উপশমে যা করবেন

15-SM923803

মাইগ্রেন শুধুমাত্র সাধারণ মাথাব্যথা নয়। এটি এক ধরনের স্নায়বিক সমস্যা। ব্যথা শুরু হলে কয়েক ঘণ্টা থেকে কখনো কখনো টানা ২-৩ দিনও স্থায়ী হতে পারে। এতে প্রচণ্ড মাথাব্যথার পাশাপাশি চোখে ঝাপসা দেখা, আলো-শব্দে অস্বস্তি, বমি বমি ভাব এবং মানসিক অস্থিরতাও তৈরি হয়।

চিকিৎসকদের মতে, মাইগ্রেনের মূল কারণ জীবনযাপনের কিছু অভ্যাসের সঙ্গে জড়িত। তাই ওষুধের পাশাপাশি দৈনন্দিন রুটিন ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলে ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

মাইগ্রেন কেন বাড়ে?

মাইগ্রেনের ব্যথা বেড়ে যায় নানা কারণে-

  • খাবার দেরিতে বা অনিয়মিত খেলে
  • অতিরিক্ত ক্যাফেইন, চকোলেট বা অ্যালকোহল গ্রহণ করলে
  • পর্যাপ্ত ঘুম না হলে
  • মানসিক চাপ বেড়ে গেলে
  • মাসিকের সময় বা গর্ভাবস্থায় হরমোন পরিবর্তনের কারণে নারীদের ক্ষেত্রে

দ্রুত উপশমে যা করবেন

শরীর হাইড্রেট রাখুন – পানি কম খেলে মাইগ্রেনের ব্যথা বেড়ে যায়। তাই দিনে পর্যাপ্ত পানি পান করুন। ব্যথার সময় চোখে ঠাণ্ডা আইসপ্যাক দিলে আরাম পাওয়া যায়।

শান্ত পরিবেশে বিশ্রাম নিন – মাইগ্রেনের সময় শব্দ ও আলো এড়িয়ে চলুন। অন্ধকার, নিরিবিলি জায়গায় বিশ্রাম নিন। এতে ব্যথা কিছুটা কমে আসবে।

ঘুমের নিয়ম মেনে চলুন – প্রতিদিন রাতে ৭-৮ ঘণ্টা ঘুমান। দিনে ঘুমানোর অভ্যাস বাদ দিন। যদি ঘুম আসতে দেরি হয়, বই পড়া বা হালকা সংগীত শুনে চেষ্টা করুন ঘুমিয়ে পড়তে।

মানসিক চাপ কমান – স্ট্রেস মাইগ্রেনের বড় ট্রিগার। তাই ধ্যান, গভীর শ্বাসপ্রশ্বাস, বই পড়া, বন্ধুদের সঙ্গে আড্ডা বা যেকোনো পছন্দের কাজে নিজেকে ব্যস্ত রাখুন।

নিয়মিত শরীরচর্চা করুন – হালকা ব্যায়াম, হাঁটা বা যোগব্যায়াম মাইগ্রেন নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে ওজনও নিয়ন্ত্রণে থাকে।

খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন- খালি পেটে থাকবেন না। ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। চকোলেট, পনির, ক্যাফেইনজাতীয় খাবার যতটা সম্ভব বাদ দিন। স্বাস্থ্যকর ও সুষম খাবার নিয়মিত খান।

মাইগ্রেন এমন এক সমস্যা, যা পুরো জীবনকে অচল করে দিতে পারে। তবে চিন্তার কিছু নেই। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ঘুম, শরীরচর্চা আর মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখলে ব্যথা অনেকটাই কমানো সম্ভব। ওষুধের ওপর নির্ভর না করে প্রাকৃতিক উপায় ও সঠিক জীবনযাপনই হতে পারে মাইগ্রেন থেকে মুক্তির পথ।