বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
রূপ-সৌন্দর্য

গোসল এক ধরনের থেরাপি

IMG_4598

সারাদিন কেমন কাটে আপনার? ঘুম থেকে উঠে ব্যস্ততা, কাজের চাপ, মানুষের ভিড়, ফোনের ঝামেলা এর মাঝেই কোথায় যেন হারিয়ে যায় নিজের সময়টা। দিনের শেষে একটু নিজের খেয়াল রাখার কথা কি মনে থাকে? অনেকেই বলবেন, “সময়ই পাই না”। অথচ খুব সাধারণ এক কাজ গোসল। একটু যত্ন করে গোসল করলে তা হয়ে উঠতে পারে আপনার মানসিক প্রশান্তির এক অনন্য মাধ্যম।

হ্যাঁ, ঠিকই শুনছেন। শুধু শরীর পরিষ্কার করার কাজ নয়, গোসল হতে পারে এক ধরনের আত্মচর্চা, একান্ত নিজের সঙ্গে সময় কাটানোর ঘরোয়া থেরাপি।

দিনের পর দিন মানসিক চাপ, কাজের ক্লান্তি, পারিবারিক টানাপোড়েন কিংবা নিঃসঙ্গতা এসব আমাদের ভেতর থেকে নিঃশেষ করে দেয়। আর এই মানসিক ভার লাঘব করতে চাই একটু নীরবতা, একটু আরাম, একটু “আমি আমার” সময়। গবেষণায় দেখা গেছে, হালকা গরম পানিতে গোসল করলে শরীরে স্ট্রেস হরমোন ‘কর্টিসল’ এর মাত্রা কমে যায় রক্ত চলাচল ঠিক হয়, মন শান্ত হয় এবং ঘুম ভালো আসে।

যখন আপনি গোসলকে শুধু “স্নান” না ভেবে নিজের জন্য ছোট্ট একটা শান্তির সময় হিসেবে ভাবেন তখন তা হয়ে ওঠে এক ধরনের ঘরোয়া থেরাপি।
নিচের যেকোনো সময়গুলোতে আপনি চাইলে ১৫-৩০ মিনিটের একটি গোসল সেশন করতে পারেন। এই সেশন মানসিকভাবে আপনাকে হালকা করে তুলবে।

– যখন আপনি ক্লান্ত বা মানসিকভাবে ভেঙে পড়েছেন
– যখন ঘুম আসছে না
– সম্পর্ক বা জীবনের টানাপোড়েনে হাঁপিয়ে উঠেছেন
– যখন একা থাকতে চান, একটু সময় নিজের জন্য

মেয়েদের জন্য প্রশান্তিদায়ক গোসলের ঘরোয়া রেসিপির জন্য যা যা লাগবে-

– হালকা গরম পানি
– এসেনসিয়াল অয়েল (ল্যাভেন্ডার, ইউক্যালিপটাস, চন্দন)
– হার্বাল সাবান বা স্ক্রাব
– লুফা বা স্পঞ্জ
– হালকা আলো বা মোমবাতি
– মোবাইলে হালকা মিউজিক
– তোয়ালে, ময়েশ্চারাইজার বা অ্যালোভেরা জেল
– এক কাপ গরম লেবু-চা বা গ্রিন টি

‍পদ্ধতি

গোসল শুরুর আগে ফোনটা সাইলেন্ট বা বন্ধ করে দিন। পুরো সময়টা রাখুন শুধুই নিজের জন্য। 
বাথরুমের আলো একটু কমিয়ে দিন বা মোমবাতি জ্বালাতে পারেন। ফোনে হালকা, শান্ত সুরের গান চালিয়ে দিন। 
বাথটাবে থাকলে, তাতে কিছুটা গরম পানি নিয়ে এসেনসিয়াল অয়েল মিশিয়ে নিন। চাইলে লেবু বা কমলার টুকরোও ব্যবহার করতে পারেন। 
চোখ বন্ধ করে কিছুক্ষণ শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। ধীরে ধীরে মন শান্ত হবে। 

 এবার হার্বাল সাবান দিয়ে পুরো শরীরে ঘষুন। স্ক্রাবার দিয়ে হাত, পা, পিঠ, ঘাড় আলতো করে পরিষ্কার করুন। মাথায় আঙুল দিয়ে হালকা ম্যাসাজ করুন। 

শেষে ঠাণ্ডা বা কুসুম গরম পানি দিয়ে শরীর ধুয়ে ফেলুন। 
তোয়ালে দিয়ে গা মুছে, সুগন্ধি লোশন বা অ্যালোভেরা জেল লাগান।
এরপর এক কাপ চা হাতে ব্যালকনিতে বা জানালার ধারে চুপচাপ বসে কিছুক্ষণ থাকুন।

মেয়েদের জন্য বাড়তি টিপস 

চুলে যত্ন – গোসলের আগে অলিভ অয়েল দিয়ে চুলে হালকা ম্যাসাজ করুন। তারপর গরম তোয়ালে দিয়ে চুল পেঁচিয়ে রাখলে চুল নরম ও স্বাস্থ্যোজ্জ্বল হবে।
ত্বকে যত্ন – পা ও হাতে হালকা স্ক্রাব ব্যবহার করুন। এতে ত্বক পরিষ্কার ও সতেজ হবে।
ময়েশ্চারাইজিং – গোসল শেষে ময়েশ্চারাইজার বা অ্যালোভেরা জেল ব্যবহার করলে ত্বক কোমল ও ঝকঝকে থাকবে।

এই ৩০ মিনিটের গোসল কোনো বিলাসিতা নয়। এটি হতে পারে নিজের জন্য এক অনন্য উপহার। প্রযুক্তি, ব্যস্ততা, দুশ্চিন্তা সবকিছুকে একটু পাশে সরিয়ে নিজেকে সময় দিন।

এক বালতি গরম পানি, কিছু মৃদু আলো আর নিজের ভেতরের প্রশান্তির খোঁজ এই তিনটিই মিললেই আপনি আবার নিজেকে ফিরে পাবেন।নিজেকে ভালোবাসার এই সহজ পথটি আপনি নিজেই শুরু করতে পারেন। আজই চেষ্টা করে দেখুন।