বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৯ মে, ২০২৬
স্পটলাইট

বড় হারের পরও ইতিহাস, অনূর্ধ্ব- ২০ এশিয়ান কাপে বাংলাদেশ

vvv

ভিয়েনতিয়েনের নিউ লাওস স্টেডিয়ামে ম্যাচ শেষে মুখটা ছিল মলিন কারণ, এএফসি অনূর্ধ্ব- ২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে কিছুক্ষণ পরই সেই হতাশা কেটে গিয়ে মুখে ফিরে আসে হাসি। কারণ, অন্য গ্রুপের সব ম্যাচ শেষ হওয়ার পর জানা গেল সেরা তিন রানার্সআপের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আর তাতেই নিশ্চিত হলো ২০২৬ অনূর্ধ্ব- ২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে সাগরিকাদের জায়গা।

‘এইচ’ গ্রুপে বাংলাদেশ খেলেছে দক্ষিণ কোরিয়া, লাওস ও পূর্ব তিমুরের বিপক্ষে। লাওসে অনুষ্ঠিত এই গ্রুপের লড়াই শেষে পয়েন্ট ও গোল ব্যবধানে শীর্ষ তিন রানার্সআপের মধ্যে দ্বিতীয় স্থানে থেকে বাংলাদেশ নিশ্চিত করেছে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য দ্বাদশ অনূর্ধ্ব- ২০ নারী এশিয়ান কাপে অংশগ্রহণ।

মোট ৩৩টি দল আট গ্রুপে ভাগ হয়ে খেলেছে ১১টি জায়গার জন্য। আট গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জাপান, চীন, ভারত, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও উত্তর কোরিয়া। রানার্সআপ থেকে যোগ দিয়েছে জর্ডান, বাংলাদেশ ও চাইনিজ তাইপে।

তবে বাংলাদেশ এর আগে কোনোবারই তারা বাছাইপর্ব উতরাতে পারেনি। অন্যদিকে বাকি ১০ দল এএফসির অনূর্ধ্ব- ১৯ বা অনূর্ধ্ব- ২০ আসরে একাধিকবার খেলেছে।

২০২৬ সালের ১ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে মূল পর্ব। ১২ দলের এই আসরে বাংলাদেশ থাকবে পট ৪- এ জর্ডান ও ভারতের সঙ্গে। চ্যাম্পিয়ন, রানার্সআপ ও সেরা দুই তৃতীয় স্থানধারী যাবে কোয়ার্টার ফাইনালে।এরপর সেমিফাইনাল হয়ে ফাইনালে।

অনূর্ধ্ব- ২০ এশিয়ান কাপের ফরম্যাটে রয়েছে বিশ্বকাপেরও হাতছানি। ২০২৬ সালে পোল্যান্ডে বসবে ফিফা অনূর্ধ্ব- ২০ নারী বিশ্বকাপের আসর। যেখানে প্রথমবারের মতো অংশ নেবে ২৪টি দল। আগের তুলনায় ৮টি দল বেড়ে যাওয়ায় এশিয়া থেকে এবার সুযোগ মিলবে ৪টি দলের। এশিয়ান কাপে ১২ দলের এই টুর্নামেন্টে সেমিফাইনালে ওঠা দলগুলোই নিশ্চিত করবে বিশ্বকাপের টিকিট।