১৬ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ১ আশ্বিন ১৪৩৩
স্পটলাইট

কয়েক দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

কয়েক দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

কয়েক দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি স্বর্ণের দাম সবশেষ ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫০ টাকা। ওইদিন সকাল ১০টা থেকে সোনার ও রুপার গহনা নতুন দামে বিক্রি হচ্ছে। ফলে বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশের বাজারে নির্ধারিত নতুন দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুস নির্ধারণ করা নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকায়।

এর আগে, শুক্রবার সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভালো মানের স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ার কারণে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন করে স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

জানা যায়, স্বর্ণের অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই মূল্য কার্যকর থাকবে।

Advertisements

অপরদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম রাখা হচ্ছে ৫ হাজার ১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

Advertisements