বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
স্পটলাইট

ডাকসুতে উমামার স্বতন্ত্র প্যানেল

fatema umama

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের জন্য একটি স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। উমামা জানান, ২০২৫ সালের ডাকসু নির্বাচনকে সামনে রেখে একটি স্বতন্ত্র প্যানেল গঠন করছেন তিনি, যেখানে যুক্ত থাকবেন শিক্ষার্থীদের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া একঝাঁক তরুণ। নির্বাচনের তারিখ ঘোষণা অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।

উমামা বলেন, “ বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণে, গবেষণাভিত্তিক ও দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে কাজ করতে চাই আমরা। এই লক্ষ্যে আমরা একটি প্যানেল গঠন করছি।”

তিনি আরও বলেন, “ বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত। এসব সমস্যার সমাধান আনতে দরকার একটি সংগঠিত ও বৈধ ছাত্র সংসদ, যা কেবলমাত্র রাজনৈতিক আনুগত্য নয় বরং শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।” প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং কবি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী উমামা জানান, প্রথম বর্ষ থেকেই তিনি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিয়ে কাজ করতে গিয়ে গড়ে তোলেন ‘ বৈধ সিট আমার অধিকার ‘ নামের প্ল্যাটফর্ম।

তিনি বলেন, ‘ বিশ্ববিদ্যালয়কে কেবল নেতা তৈরির কারখানা হিসেবে নয় বরং শিক্ষার মানোন্নয়ন ও গবেষণাকেন্দ্রিক এক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। আমরা এমন একটি ছাত্র সংসদ চাই, যারা কোনো রাজনৈতিক পক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হবে না এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে আপসহীন থাকবে।’ উমামা ফাতেমা ঢাবির সব শিক্ষার্থীর প্রতি আহ্বান জানিয়েছেন, যারা মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে তার হারানো গৌরব ফিরিয়ে দেওয়া প্রয়োজন এবং যারা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে নেতৃত্ব দিতে চান তাদের জন্য উন্মুক্ত রয়েছে এই স্বতন্ত্র প্যানেল। আগ্রহীদের ফেসবুক পোস্টে দেওয়া ফর্ম পূরণের মাধ্যমে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানান তিনি।