বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
বিবিধ

বঙ্গভবন এলাকায় কাল যান চলাচলে নিয়ন্ত্রণ, বিকল্প পথে চলার নির্দেশ

bngbhbn

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আগামীকাল শুক্রবার বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অনুষ্ঠানকে কেন্দ্র করে আমন্ত্রিত অতিথিদের যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্ধারিত কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ এবং বিকল্প পথে ডাইভারশন দেওয়া হবে।

ডিএমপি জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে বিদায়ী ও নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মতিঝিলের শাপলা চত্বর ও আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা হয়ে বঙ্গভবন রোড এবং রাজউক ক্রসিং থেকে ডিআইটি রোড পর্যন্ত সব ধরনের যানবাহনের প্রবেশ বন্ধ থাকবে। এ সময় শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক ও গুলিস্তানগামী বাসগুলো দৈনিক বাংলা, ইউবিএল ও প্রেসক্লাব হয়ে চলাচল করবে।

প্রয়োজনে এসব বাস অন্য সুবিধাজনক বিকল্প সড়কও ব্যবহার করতে পারবে। এ ছাড়া দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না। হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনকে জিরো পয়েন্টে ইউটার্ন না করার নির্দেশ দেওয়া হয়েছে।

এসব যানবাহন বামে ফুলবাড়িয়া অথবা ডান দিকে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা ও শাপলা চত্বরের দিকে চলাচল করতে পারবে। বিকল্প হিসেবে জিরো পয়েন্ট থেকে ইউবিএল ক্রসিং, নাইটিঙ্গেল ক্রসিং, ফকিরাপুল ক্রসিং, শাপলা চত্বর ও ইত্তেফাক হয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে অংশ নিতে আসা আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এসব ট্রাফিক নির্দেশনা প্রযোজ্য হবে না।

ডিএমপির পক্ষ থেকে সর্বসাধারণকে নির্ধারিত সড়কগুলো এড়িয়ে চলার পাশাপাশি বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করে ট্রাফিক ব্যবস্থাপনায় নগরবাসীর সহযোগিতা কামনা করেছে পুলিশ।

Advertisements