নারীদের জন্য আজ চালু হচ্ছে ‘পিংক বাস’, ঢাকার ৯ রুটে মিলবে সেবা

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। ‘পিংক বাস’ নামে পরিচিত এই বিশেষ বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। মঙ্গলবার (১৮ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু হওয়ার কথা রয়েছে।
বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করা হবে। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ এই বাস সার্ভিসে চালক ও কন্ডাক্টর হিসেবে কাজ করবেন নারীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
যেসব রুটে চলবে পিংক বাস
রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে এই বিশেষ বাস সার্ভিস পরিচালনা করা হবে। রুটগুলো হলো—নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, আব্দুল্লাহপুর-কোয়ার্টার-জিপিও, মিরপুর-মতিঝিল এবং মোহাম্মদপুর-মতিঝিল। এছাড়া গাজীপুর-বিমানবন্দর রুটেও বিশেষ বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে।
নতুনবাজার থেকে মতিঝিলগামী বাসটি কোকাকোলা, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে। অন্য রুটের বাসগুলোও মিরপুর, মোহাম্মদপুর, ডেমরা ও আব্দুল্লাহপুরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে সংযুক্ত করবে।
ঢাকার বাইরেও চলবে
রাজধানীর পাশাপাশি বগুড়া ও চট্টগ্রামেও চালু হচ্ছে নারীদের জন্য বিশেষ এই বাস সার্ভিস। বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি বাস এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলবে।
চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজার হয়ে চলাচল করবে।
বিআরটিসি আশা করছে, নারীদের জন্য চালু করা এই বিশেষ বাস সার্ভিস গণপরিবহনে তাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ভূমিকা রাখবে। একই সঙ্গে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণ বাড়াতেও উদ্যোগটি ইতিবাচক ভূমিকা রাখবে।



