কবে কখন বদলাবেন রান্নার সামগ্রী?

রান্নাঘর শুধু একটা ঘর নয়। এটা ঘরের সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে তৈরি হয় প্রতিদিনের পরিবারের হাসি, স্বাদ আর স্বাস্থ্য। তাই রান্নাঘরের পরিচ্ছন্নতা আর সুরক্ষা নিয়ে সচেতন হওয়া খুবই জরুরি।
আমরা অনেক সময়ই বছরজুড়ে একই ছুরি, ফ্রাইং প্যান কিংবা স্পঞ্জ ব্যবহার করে যাই। ভাবি, ঠিকই তো চলছে! কিন্তু রান্নার সরঞ্জামও বয়সের ভারে নষ্ট হয়ে যায়। আর পুরনো বা ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি যেমন রান্নার স্বাদ নষ্ট করে তেমনি বাড়িয়ে দেয় স্বাস্থ্যঝুঁকিও।
চলুন জেনে নেওয়া যাক রান্নাঘরের কোন কোন সামগ্রী কতদিন পর বদলানো প্রয়োজন।

ননস্টিক ফ্রাইং প্যান – ননস্টিক প্যানে রান্না করা যেমন সহজ, তেমনি সতর্কতাও জরুরি। সময়ের সঙ্গে সঙ্গে এর কোটিং উঠে গেলে সেটা খাবারে মিশে যেতে পারে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই যদি দেখেন খাবার লেগে যাচ্ছে বা ননস্টিক কোটিং উঠে যাচ্ছে তাহলে দেরি না করে নতুন প্যান কিনে ফেলুন।
ছুরি – ছুরি রান্নাঘরের অন্যতম প্রধান হাতিয়ার। তবে ধার কমে গেলে কাটা-কাটির কাজ যেমন কষ্টকর হয় তেমনি দুর্ঘটনার ঝুঁছিও বাড়ে। ভালো মানের ছুরি ৫–১০ বছর টিকে গেলেও ধার কমে গেলে সেটা বদলে ফেলা ভালো।
সবজি পিলার – গাজর, শসা বা আলুর খোসা ছাড়াতে যাঁরা পিলার ব্যবহার করেন, তাঁদের জন্য একটিই নিয়ম। ধার কমলেই বদলান। সাধারণত ১ থেকে ২ বছরের মধ্যে পিলার নষ্ট হয়ে যায়।
কিচেন স্পঞ্জ ও স্ক্রাবার – হ্যাঁ, এতটাই কম সময়! স্পঞ্জে জীবাণু জমে থাকা খুবই স্বাভাবিক। কারণ এটি সবসময় ভেজা থাকে। তাই ২ থেকে ৪ সপ্তাহ পরপর নতুন স্পঞ্জ ব্যবহার করুন। নয়তো ঝকঝকে বাসন থেকেও রোগের ভয় থাকবে।
কাটিং বোর্ড – সবজি কাটার সময় যেটি সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটি যদি ক্ষয়ে যায় বা কোটিং উঠে যেতে শুরু করে তাহলে কিন্তু বিপদ! এমন বোর্ডে ব্যাকটেরিয়া জমে সহজেই ছড়িয়ে পড়ে খাবারে। তাই সময় বুঝে বদলে ফেলুন বোর্ডটিও।
সিলিকন স্প্যাটুলা – সিলিকন স্প্যাটুলা যদি নরম হয়ে যায়, গলে যেতে শুরু করে বা কোণ থেকে ছিঁড়ে যায় তাহলে সেটা আর ব্যবহার করবেন না। এগুলো সাধারণত ২ থেকে ৪ বছর টেকে।
গ্রেটার – চিজ, আদা বা সবজি কুচি করতে গ্রেটার বেশ কাজের জিনিস। কিন্তু সময়ের সঙ্গে এর ধার কমে যায় এবং ছিদ্রগুলোতে জমে যেতে পারে ময়লা। তাই ৩–৫ বছরের মধ্যে গ্রেটার বদলানো ভালো।
রান্নাঘরের নিরাপত্তা মানেই শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয় নির্দিষ্ট সময় পরপর ব্যবহৃত সরঞ্জামগুলো বদলানোও এর গুরুত্বপূর্ণ অংশ। পুরনো, ক্ষয়প্রাপ্ত বা জীবাণুযুক্ত জিনিস দিয়ে রান্না করলে তা আপনার ও পরিবারের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে।
তাই আজই রান্নাঘরে একবার চোখ বুলিয়ে দেখে নিন আপনার প্রিয় ছুরি বা স্পঞ্জের ‘মেয়াদ’ কি পার হয়ে গেছে? যদি হ্যাঁ, তাহলে দেরি না করে বদলে ফেলুন। সুস্থ থাকুন, সুস্বাদু রান্নায় মুখ রাঙান!



