১২ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২৮ ভাদ্র ১৪৩৩
রূপ-সৌন্দর্য

মেকআপ নিয়ে ঘুমালে যা হয়

IMG_6756

দিনভর নানা কাজের শেষে রাতে বাড়ি ফেরা। তার ওপর যদি থাকে কোনো দাওয়াত বা অনুষ্ঠান তাহলে ক্লান্তি যেন দ্বিগুণ। সাজগোজ করে সুন্দর করে ঘুরে এসে যখন রাতে চোখে ঘুম নামে। তখন অনেকেই আলসেমি করে মেকআপ না তুলেই ঘুমিয়ে পড়েন। ভাবেন সকালে উঠে ধুয়ে নিলেই হবে। কিন্তু এই ছোট্ট অভ্যাসই আপনার ত্বকের জন্য বড় ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।

রাতে ঘুমের সময় আমাদের ত্বক নিজেকে নতুনভাবে সাজাতে শুরু করে। পুরনো কোষ ঝরে পড়ে, নতুন কোষ তৈরি হয়। এটাই ত্বকের স্বাভাবিক পুনরুজ্জীবনের প্রক্রিয়া। কিন্তু যদি মেকআপ থেকে যায় তাহলে সেই প্রক্রিয়ায় বাধা পড়ে। ফলে দেখা দেয় নানা ধরনের ত্বকের সমস্যা।

লোমকূপ বন্ধ হয়ে যায় – মেকআপ না তুলেই ঘুমালে ত্বকের ছিদ্রগুলো (লোমকূপ) বন্ধ হয়ে যায়। সারাদিনের ধুলোবালি, ঘাম আর তেল জমে থাকা মেকআপের সঙ্গে মিশে ছিদ্রে আটকে পড়ে। এতে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস, ব্রণ এসব দেখা দিতে পারে। নিয়মিত এমনটা হলে ত্বকের রঙ মলিন হয়ে যায়, হারায় স্বাভাবিক উজ্জ্বলতা।

ত্বকে বয়সের ছাপ পড়ে – রাতে মেকআপ রেখে ঘুমালে ত্বকে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়। কারণ অনেক মেকআপেই থাকে নানা ধরনের রাসায়নিক ও সংরক্ষণ উপাদান। দীর্ঘসময় ত্বকে এসব থাকলে কোলাজেন এবং ইলাস্টিন নামের প্রাকৃতিক উপাদানগুলো ক্ষতিগ্রস্ত হয়। এতে ত্বককে টানটান ও তরতাজা রাখে। এর ফলে ত্বকে সূক্ষ্ম রেখা, বলিরেখা এবং বয়সের ছাপ সহজেই পড়ে যেতে পারে।

পুষ্টি গ্রহণে বাধা দেয় – রাতে ঘুমের সময় ত্বক নিজের যত্ন নেয়। ভালো কোনো নাইট ক্রিম বা ময়েশ্চারাইজার দিলে ত্বক তা শোষণ করে নেয়। কিন্তু যদি মুখে মেকআপ লেগে থাকে। তাহলে এসব উপকারী উপাদান ত্বকে ঢুকতে পারে না। ফলে ত্বক শুষ্ক ও ক্লান্ত দেখায়।

চোখের জন্য ঝুঁকিপূর্ণ – চোখের মেকআপ বিশেষ করে মাস্কারা, আইলাইনার কিংবা আইশ্যাডো যদি ভালোভাবে না তোলা হয়। তাহলে চোখে জ্বালা-পোড়া হতে পারে। এমনকি চোখে সংক্রমণও হতে পারে। চোখ লাল হয়ে যাওয়া, পানি পড়া বা কনজেক্টিভাইটিসের মতো সমস্যা দেখা দিতে পারে নিয়মিতভাবে মেকআপ না তুললে।

বাসায় ফেরার পর যত ক্লান্তই থাকুন মেকআপ অবশ্যই তুলে ফেলুন। হালকা ক্লিঞ্জিং ওয়াইপ কিংবা মেকআপ রিমুভার ব্যবহার করুন। এরপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। চোখের মেকআপ তুলতে আলাদা আই-মেকআপ রিমুভার ব্যবহার করুন।

সাজগোজ হোক আত্মবিশ্বাসের অংশ। কিন্তু তার যত্ন না নিলে উল্টো ক্ষতিও ডেকে আনতে পারে। তাই মেকআপ নেয়ার মতোই গুরুত্ব দিন তা তোলার বিষয়েও। কারণ সুন্দর ত্বকের আসল চাবিকাঠি লুকিয়ে আছে নিয়মিত যত্নে।

Advertisements