বয়সের ছাপ কমাতে ঘুমানোর আগে যা মাখবেন

বয়সের ছাপ, দাগ বা ত্বকের নিস্তেজ ভাব এসব আমাদের অনেকেরই পরিচিত সমস্যা। একটু রঙ চটে গেলে, দাগ-ছোপ দেখা দিলেই ছুটে যাই পার্লার বা দামী স্কিনকেয়ার ট্রিটমেন্টে। কিন্তু এসব ট্রিটমেন্টে সাময়িক উজ্জ্বলতা আসলেও খুব বেশি দিন স্থায়ী হয় না। আবার বাজারে পাওয়া নানা ধরনের লোশন-ক্রিমে থাকে প্রচুর রাসায়নিক উপাদান। এটি ত্বকের দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে।
তাই অনেক বিশেষজ্ঞ এখন প্রাকৃতিক, ঘরোয়া উপায়কেই সবচেয়ে নিরাপদ এবং কার্যকর সমাধান হিসেবে দেখছেন। আর এমনই এক ঘরোয়া সমাধান হলো হলুদের ফেসপ্যাক। রান্নাঘরের অতি চেনা এই উপাদান শুধু খাবারের স্বাদই বাড়ায় না, ত্বকের যত্নেও এর অসাধারণ ব্যবহার রয়েছে।
হলুদে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, যা ত্বকের নানা সমস্যা কমাতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে এটি ব্রণ ও দাগ-ছোপ কমায়, বলিরেখা ও বয়সের ছাপ হালকা করে, ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে, ত্বকের প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনে, ডার্মাটোলজিস্টরাও মনে করেন, হলুদের প্রদাহ কমানোর গুণ ত্বকের গভীর থেকে কাজ করে। বিশেষ করে রাতে ব্যবহারে ভালো ফল পাওয়া যায়।

২টি সহজ উপায়ে হলুদ ফেসপ্যাক তৈরি করুন। এইগুলো রাতে ঘুমানোর আগে ব্যবহার করতে পারেন।
হলুদ ও দুধের ফেসপ্যাক
এই প্যাকটি ত্বককে উজ্জ্বল করে এবং ময়েশ্চারাইজ করে। দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড মৃত কোষ তুলে ফেলে, আর হলুদ ত্বককে সতেজ করে।
যেভাবে বানাবেন – ১ চা চামচ হলুদের গুঁড়ো ও ২ টেবিল চামচ কাঁচা দুধ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ঘুমানোর আগে মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ঘুমিয়ে পড়ুন।
হলুদ ও মধুর ফেসপ্যাক
শুষ্ক ত্বক বা ব্রণের সমস্যা থাকলে এটি হতে পারে আদর্শ সমাধান। মধু ত্বককে আর্দ্র রাখে এবং জীবাণু রোধে কাজ করে।
যেভাবে বানাবেন – ১ চা চামচ হলুদের সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কিছু বাড়তি টিপস
- এই ফেসপ্যাকগুলো সপ্তাহে ২-৩ বার ব্যবহার করতে পারেন।
- ব্যবহারের আগে একটি ছোট জায়গায় প্যাচ টেস্ট করে নিন, যাতে ত্বকে কোনো অ্যালার্জি না হয়।
- মুখ ধোয়ার পর ভালো একটি ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না।
ত্বকের যত্ন মানেই পয়সা খরচ নয়। সঠিক উপাদান ও নিয়মিত যত্নই দিতে পারে চমৎকার ফল। আপনার ঘুমানোর আগের ১০ মিনিট সময়ই বদলে দিতে পারে ত্বকের ভবিষ্যৎ। আর এই কাজটি করতে পারবে আপনার ঘরেই থাকা সাধারণ উপাদান হলুদ। প্রাকৃতিকভাবে উজ্জ্বল, মসৃণ আর স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে আজ থেকেই শুরু করুন এই সহজ ফেসপ্যাক ব্যবহারের রুটিন।
ছবি- মঞ্জুরুল আলম



