ঘুমের মধ্যেই মস্তিষ্ক চলে পরিচ্ছন্নতার কাজে!মস্তিষ্ক সুস্থ রাখতে গভীর ঘুম কেন জরুরি?

সারাদিনের ক্লান্তি কাটাতে ঘুমের বিকল্প নেই। কিন্তু ঘুমের সময় শুধু শরীরই বিশ্রাম নেয় না, মস্তিষ্কও ব্যস্ত থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কাজে। গভীর ঘুমের মধ্যে মস্তিষ্ক নিজেকে পরিষ্কার করে জমে থাকা বর্জ্য পদার্থ বের করে দেয়। বিজ্ঞানীদের ভাষায় এই প্রক্রিয়ার নাম ‘ব্রেইনওয়াশিং’। সম্প্রতি নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা মস্তিষ্কের এই পরিচ্ছন্নতা প্রক্রিয়া কীভাবে কাজ করে, তার গুরুত্বপূর্ণ কিছু রহস্য উন্মোচন করেছেন। একই সঙ্গে গবেষণায় উঠে এসেছে, প্রচলিত কিছু ঘুমের ওষুধ এই স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে।
ঘুমের মধ্যে মস্তিষ্কের পরিচ্ছন্নতা
মানুষের জীবনের প্রায় এক-তৃতীয়াংশ সময় কাটে ঘুমিয়ে। এই দীর্ঘ সময়ে মস্তিষ্ক নিষ্ক্রিয় হয়ে পড়ে না। বরং স্মৃতি সংরক্ষণ, তথ্য প্রক্রিয়াকরণসহ নানা গুরুত্বপূর্ণ কাজের পাশাপাশি নিজের ভেতরে জমে থাকা বর্জ্য অপসারণেও ব্যস্ত থাকে।
এই কাজের দায়িত্বে রয়েছে ‘গ্লিমফ্যাটিক সিস্টেম’ নামের একটি বিশেষ নেটওয়ার্ক। এটি মস্তিষ্কের কোষের চারপাশে থাকা তরলের প্রবাহের মাধ্যমে বিভিন্ন বর্জ্য পদার্থ সরিয়ে দিতে সাহায্য করে। এসব বর্জ্যের মধ্যে রয়েছে অ্যামিলয়েড-বিটা ও টাউ প্রোটিন, যেগুলোর অস্বাভাবিক জমাট বাঁধার সঙ্গে আলঝেইমারস ও ডিমেনশিয়ার সম্পর্ক রয়েছে।
স্নায়ুবিজ্ঞানী অধ্যাপক মাইকেন নেডারগার্ড ২০১২ সালে প্রথম এই মস্তিষ্ক পরিষ্কার প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরেন। তবে তখন পর্যন্ত কীভাবে এই ব্যবস্থা কাজ করে, তার অনেক কিছুই ছিল অজানা।
কীভাবে পরিষ্কার হয় মস্তিষ্ক?
সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা মস্তিষ্কের এই পরিচ্ছন্নতা প্রক্রিয়ার পেছনে কাজ করা একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শনাক্ত করেছেন। প্রধান গবেষক নাটালি হগলুন্ডের ভাষায়, তাঁদের উদ্দেশ্য ছিল গ্লিমফ্যাটিক সিস্টেমের কার্যক্রমের সেই অজানা অংশটির রহস্য উন্মোচন করা।
এ জন্য গবেষকেরা ঘুমন্ত ইঁদুরের মস্তিষ্ক পর্যবেক্ষণ করেন। তাঁরা মস্তিষ্কে রক্তপ্রবাহ, তরলের চলাচল এবং বিভিন্ন রাসায়নিক উপাদানের মাত্রা পরীক্ষা করেন। এতে দেখা যায়, পুরো প্রক্রিয়ার সূচনা হয় নরএপিনেফ্রিন নামের একটি নিউরোট্রান্সমিটারের নিঃসরণের মাধ্যমে।
সাধারণত এই রাসায়নিক উপাদান শরীরের বিপদ মোকাবিলার প্রস্তুতি বা ‘ফাইট অর ফ্লাইট’ প্রতিক্রিয়ার সঙ্গে যুক্ত। তবে ঘুমের সময় এটি মস্তিষ্কের রক্তনালির সংকোচন ও প্রসারণ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে।
রক্তনালিই হয়ে ওঠে প্রাকৃতিক পাম্প
গবেষণায় দেখা গেছে, ঘুমের মধ্যে নরএপিনেফ্রিনের মাত্রা বাড়লে মস্তিষ্কের রক্তনালিগুলো সংকুচিত হয়। এতে রক্তের পরিমাণ কমে যায় এবং সেই জায়গায় সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা মস্তিষ্ক ও মেরুরজ্জুকে ঘিরে থাকা তরল চলাচলের সুযোগ পায়।
এরপর নরএপিনেফ্রিনের মাত্রা কমে গেলে রক্তনালিগুলো আবার প্রসারিত হয়। এই পরিবর্তনের ফলে বর্জ্যযুক্ত তরল মস্তিষ্ক থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ পায়।
আশ্চর্যের বিষয় হলো, রক্তনালির এই সংকোচন ও প্রসারণ প্রায় প্রতি ৫০ সেকেন্ডে একবার ঘটে। অনেকটা পানির পাম্পের মতো কাজ করে এই ছন্দময় প্রক্রিয়া। এর মাধ্যমে গভীর ঘুমের সময় মস্তিষ্কের ভেতরে তরলের চলাচল অব্যাহত থাকে এবং বর্জ্য অপসারণে সহায়তা করে।
অধ্যাপক নেডারগার্ডের ব্যাখ্যা অনুযায়ী, মস্তিষ্ক খুলি দিয়ে আবদ্ধ একটি অঙ্গ। ফলে এর ভেতরে জায়গা নির্দিষ্ট। রক্তের পরিমাণ কমা-বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের চলাচলেও পরিবর্তন ঘটে।
ঘুমের ওষুধ নিয়ে নতুন প্রশ্ন
গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, কিছু প্রচলিত ঘুমের ওষুধ মস্তিষ্কের এই স্বাভাবিক পরিচ্ছন্নতা প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। অর্থাৎ ওষুধের সাহায্যে ঘুমিয়ে পড়া এবং স্বাভাবিক গভীর ঘুমের মধ্যে মস্তিষ্কের কার্যক্রমের পার্থক্য থাকতে পারে।
এ কারণে ঘুমের ওষুধের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন দেখা দিয়েছে। তবে এই গবেষণার ফলাফল থেকে সব ঘুমের ওষুধ ক্ষতিকর কিংবা ওষুধ খাওয়া বন্ধ করা উচিত—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।
মানুষের মস্তিষ্কেও কি একই প্রক্রিয়া চলে?
গবেষণাটি মূলত ইঁদুরের মস্তিষ্কের ওপর পরিচালিত হয়েছে। তাই মানুষের মস্তিষ্কে ঠিক একইভাবে প্রক্রিয়াটি কাজ করে কি না, তা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন। তবে মানুষের মস্তিষ্কের সঙ্গে ইঁদুরের মস্তিষ্কের কিছু গুরুত্বপূর্ণ গাঠনিক মিল থাকায় গবেষকেরা মনে করছেন, মানুষের ক্ষেত্রেও এ ধরনের প্রক্রিয়া কাজ করতে পারে।
সব মিলিয়ে নতুন গবেষণাটি ঘুমের গুরুত্ব সম্পর্কে বিজ্ঞানীদের ধারণাকে আরও সমৃদ্ধ করেছে। ঘুম যে শুধু ক্লান্ত শরীরকে বিশ্রাম দেওয়ার মাধ্যম নয়, বরং মস্তিষ্কের সুস্থতা বজায় রাখারও গুরুত্বপূর্ণ অংশ, তা আবারও সামনে এসেছে। তাই পর্যাপ্ত ও স্বাভাবিক ঘুমকে অবহেলা করার সুযোগ নেই। কারণ, আমরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকি, তখনও আমাদের মস্তিষ্ক নীরবে নিজের পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত থাকে।



