শীতকালে বেশি ঘুমিয়েও ক্লান্ত লাগে কেন?

শীতকালে অনেকেরই ঘুমের সময় বেড়ে যায়। সকালে বিছানা ছাড়তে ইচ্ছা করে না, দিনের বেলাতেও ঘুম ঘুম ভাব থাকে। অথচ রাতে দীর্ঘ সময় ঘুমানোর পরও শরীর সতেজ লাগে না। কাজে মনোযোগ কমে যায়, স্বাভাবিক কাজেও ক্লান্তি ভর করে। অনেকেই একে শীতের স্বাভাবিক প্রভাব মনে করে এড়িয়ে যান। তবে বিশেষজ্ঞদের মতে, দিনের আলো কমে যাওয়া, শারীরিক সক্রিয়তা হ্রাস, খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং কিছু স্বাস্থ্যগত সমস্যার কারণে এমন হতে পারে।
দিনের আলো কমে যাওয়ায় ঘুমের ছন্দে পরিবর্তন
শীতকালে দিনের দৈর্ঘ্য কমে যায়। সকালে সূর্যের আলো পেতেও দেরি হয়। প্রাকৃতিক আলোর এই পরিবর্তন শরীরের অভ্যন্তরীণ সময়চক্র বা জৈবিক ঘড়িতে প্রভাব ফেলে। এই ঘড়ি শরীরকে কখন ঘুমাতে হবে এবং কখন জেগে থাকতে হবে, সেই সংকেত দেয়।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জয়পুরের সিকে বিড়লা হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের অতিরিক্ত পরিচালক চিকিৎসক নিরঞ্জন সিং জানান, শীতকালে দিনের আলো কম পাওয়া এবং ঘরের ভেতর বেশি সময় কাটানোর কারণে ঘুম ও জাগরণের স্বাভাবিক ছন্দে পরিবর্তন আসতে পারে।
তার মতে, দিনের আলো কম পেলে ঘুমের হরমোন মেলাটোনিনের কার্যক্রম দীর্ঘায়িত হতে পারে। ফলে সকালে ঘুম থেকে ওঠার পরও ঝিমুনি ও ক্লান্তি অনুভূত হয়।
শারীরিক সক্রিয়তা কমে যাওয়া
শীতের সকালে ঠান্ডার কারণে অনেকেই হাঁটতে বা ব্যায়াম করতে চান না। বাইরে যাওয়ার প্রবণতা কমে যায়। ফলে দৈনন্দিন শারীরিক কর্মকাণ্ডও কমে আসে।
চিকিৎসক নিরঞ্জন সিংয়ের মতে, ঠান্ডা আবহাওয়ায় বাইরে হাঁটাচলা কঠিন মনে হওয়ায় মানুষের শারীরিক সক্রিয়তা কমে যায়। দীর্ঘ সময় বসে থাকা কিংবা ঘরের মধ্যে কাটানোর ফলে শরীরে অবসাদ ও অলসতা বাড়তে পারে।
তাই শীতেও আবহাওয়া ও শারীরিক সামর্থ্য অনুযায়ী নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম করা জরুরি।
খাদ্যাভ্যাস ও পানিশূন্যতার প্রভাব
শীতকালে অনেকের খাবারের ধরনেও পরিবর্তন আসে। ভারী, অতিরিক্ত চর্বি ও চিনিযুক্ত খাবারের প্রতি আগ্রহ বাড়তে পারে। অন্যদিকে ঠান্ডার কারণে তৃষ্ণা কম অনুভূত হওয়ায় অনেকে পর্যাপ্ত পানি পান করেন না।
যুক্তরাজ্যভিত্তিক স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট পেশেন্ট ইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, দিনের আলো কমে যাওয়া, শারীরিক সক্রিয়তা হ্রাস এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন একসঙ্গে ক্লান্তি বাড়াতে পারে।
তাই শীতকালেও সুষম খাবার খাওয়া এবং পর্যাপ্ত পানি পান করার অভ্যাস বজায় রাখা প্রয়োজন।
শীতকালীন বিষণ্নতাও হতে পারে কারণ
শীতকালে দিনের আলো কমে যাওয়ার কারণে কিছু মানুষের মানসিক স্বাস্থ্যে পরিবর্তন দেখা দিতে পারে। কারও কারও ক্ষেত্রে এটি সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার (এসএডি) বা ঋতুভিত্তিক বিষণ্নতার লক্ষণ হতে পারে।
এ সমস্যায় মন খারাপ থাকা, আগ্রহ কমে যাওয়া, অতিরিক্ত ঘুম, শক্তি কমে যাওয়া এবং কাজে মনোযোগের অভাব দেখা দিতে পারে। স্বাভাবিকের চেয়ে বেশি ঘুমানো কিংবা দীর্ঘ সময় ঘুমিয়েও সতেজ বোধ না করাও এর লক্ষণ হতে পারে।
তবে শীতকালে বেশি ঘুম বা ক্লান্তি অনুভব করলেই সেটিকে বিষণ্নতা মনে করা ঠিক নয়।
পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তির পেছনে থাকতে পারে রোগ
শীতকালে ক্লান্তির সব কারণই ঋতু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত নয়। রক্তস্বল্পতা, থাইরয়েডের সমস্যা, ভিটামিন বি১২ বা ডি-এর ঘাটতি, ডায়াবেটিস কিংবা ঘুমের সমস্যার কারণেও দীর্ঘদিন ক্লান্তি থাকতে পারে।
পেশেন্ট ইনফোর প্রতিবেদনে চিকিৎসক ডোনাল্ড গ্রান্ট এসব সমস্যাকে দীর্ঘস্থায়ী ক্লান্তির সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন।
বিশেষ করে রাতে পর্যাপ্ত সময় ঘুমানোর পরও সকালে ক্লান্তি নিয়ে ঘুম ভাঙলে কিংবা দিনের বেলায় অতিরিক্ত তন্দ্রা থাকলে ঘুমের মান ও শারীরিক অবস্থা পরীক্ষা করা প্রয়োজন। নাক ডাকা, ঘুমের মধ্যে শ্বাস আটকে আসা কিংবা সকালে মাথাব্যথার মতো লক্ষণ থাকলে স্লিপ অ্যাপনিয়ার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।
ক্লান্তি কাটাতে কী করবেন?
শীতকালে ক্লান্তি কমাতে কিছু অভ্যাস গড়ে তোলা যেতে পারে।
- প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠা।
- সকালে ঘুম থেকে উঠে দিনের আলোতে কিছু সময় কাটানো।
- নিয়মিত হাঁটাচলা ও শারীরিক ব্যায়াম করা।
- সুষম খাবার খাওয়া এবং পর্যাপ্ত পানি পান করা।
- দীর্ঘ সময় একটানা বসে না থেকে মাঝেমধ্যে নড়াচড়া করা।
- ঘুমানোর আগে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার কমানো।
কয়েক সপ্তাহ ধরে ক্লান্তি থাকলে কিংবা বিশ্রামের পরও না কমলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। অকারণে ওজন কমে যাওয়া, শ্বাসকষ্ট, মাথা ঘোরা বা দীর্ঘস্থায়ী মন খারাপের মতো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
কারণ, শীতের স্বাভাবিক অবসাদ মনে হলেও অতিরিক্ত ক্লান্তির পেছনে অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকতে পারে।



