২৯ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
জীবনযাপন

যে ৫ আচরণ মানুষকে করে তোলে আরও আকর্ষণীয়

images (3)

শারীরিক সৌন্দর্য প্রথম দেখায় মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে। তবে দীর্ঘ সময় কারও মনে জায়গা করে নিতে শুধু সুন্দর চেহারাই যথেষ্ট নয়। বরং মানুষের কথা বলার ধরন, অন্যের প্রতি আচরণ, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের কিছু বৈশিষ্ট্য তাকে আরও আকর্ষণীয় করে তোলে।

অনেক সময় এমন মানুষের সঙ্গেও পরিচয় হয়, যিনি প্রচলিত অর্থে খুব সুন্দর নন, অথচ তার ব্যবহার ও ব্যক্তিত্ব সহজেই মুগ্ধ করে। মনোযোগ দিয়ে অন্যের কথা শোনা, নিঃস্বার্থভাবে ভালো আচরণ করা কিংবা নিজের ভুল স্বীকার করার মতো সাধারণ কিছু অভ্যাসই একজন মানুষকে আলাদা করে তুলতে পারে। জেনে নেওয়া যাক এমন পাঁচটি আচরণ সম্পর্কে।

১. মনোযোগ দিয়ে অন্যের কথা শোনা

কেউ কথা বলার সময় শুধু নিজের বলার পালার অপেক্ষা না করে মনোযোগ দিয়ে তার কথা শোনা একটি গুরুত্বপূর্ণ গুণ। যারা অন্যের কথা গুরুত্বসহকারে শোনেন, তারা সহজেই মানুষের মনে জায়গা করে নেন।

তারা আগের কথাগুলো মনে রাখেন, প্রাসঙ্গিক প্রশ্ন করেন এবং কথোপকথনে অন্যকে গুরুত্ব দেন। এতে সামনের মানুষ নিজেকে মূল্যবান ও সম্মানিত মনে করেন। বর্তমান সময়ে ব্যস্ততা ও মোবাইল ফোনের কারণে যখন মনোযোগ দিয়ে কথা শোনার অভ্যাস কমছে, তখন এই গুণ মানুষকে আরও আকর্ষণীয় করে তোলে।

২. প্রত্যাশা ছাড়াই সবার সঙ্গে ভালো আচরণ করা

Advertisements

একজন মানুষের প্রকৃত ব্যক্তিত্ব বোঝা যায় তিনি অন্যদের সঙ্গে কেমন আচরণ করেন, তা থেকে। বিশেষ করে ওয়েটার, ডেলিভারিকর্মী কিংবা অপরিচিত মানুষের সঙ্গে তার ব্যবহার অনেক কিছু প্রকাশ করে।

কেউ শুধু নিজের প্রয়োজন বা স্বার্থের কারণে ভালো আচরণ করেন। আবার কেউ মানুষের সামাজিক অবস্থান বিবেচনা না করেই সবাইকে সম্মান করেন। দ্বিতীয় ধরনের আচরণই একজন মানুষকে বেশি আকর্ষণীয় করে তোলে।

প্রশংসা কিংবা স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা ছাড়াই অন্যের প্রতি সদয় হওয়া ব্যক্তিত্বের অন্যতম সুন্দর বৈশিষ্ট্য।

৩. নিজের পরিচয় নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করা

নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা না করে নিজের অবস্থান নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন যারা, তাদের ব্যক্তিত্বে আলাদা আকর্ষণ থাকে।

তারা নিজেদের অর্জন নিয়ে অহংকার করেন না। কোনো বিষয় না জানলে তা স্বীকার করতেও দ্বিধা করেন না। আবার সবার মন জোগাতে নিজের মতামত পরিবর্তনের প্রয়োজনও মনে করেন না।

প্রকৃত আত্মবিশ্বাস মানে উচ্চস্বরে কথা বলা কিংবা অন্যকে ছোট করা নয়। বরং নিজের ভালো-মন্দ সম্পর্কে সচেতন থাকা এবং অন্যের স্বীকৃতির ওপর নির্ভর না করাই আত্মবিশ্বাসের পরিচয়।

৪. নিজের ভুল নিয়েও হাসতে পারা

মানুষ মাত্রই ভুল করে। তবে ছোটখাটো ভুল কিংবা বিব্রতকর পরিস্থিতিতে কেউ কীভাবে প্রতিক্রিয়া দেখান, তা তার ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ দিক।

যারা নিজের ভুল নিয়ে হাসতে পারেন, তারা সাধারণত অন্যদের সঙ্গে সহজে মিশতে পারেন। তারা সামান্য মতবিরোধকে বড় ঝগড়ায় পরিণত করেন না কিংবা প্রতিটি রসিকতাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে নেন না।

নিজের ওপর হাসতে পারার অর্থ নিজেকে ছোট করা নয়। বরং জীবনের ছোটখাটো অস্বস্তিকর মুহূর্তগুলো সহজভাবে গ্রহণ করার মানসিকতা মানুষকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলে।

৫. সরাসরি ও স্পষ্টভাবে কথা বলা

সম্পর্কের ক্ষেত্রে অনুমান, অস্পষ্টতা ও ভুল বোঝাবুঝি অনেক সময় অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করে। যারা নিজেদের অনুভূতি, প্রত্যাশা ও মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন, তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা সহজ হয়।

তারা সমস্যা দেখা দিলে নীরব থেকে অন্যকে শাস্তি দেওয়ার চেষ্টা করেন না। বরং আলোচনা করে সমাধানের পথ খোঁজেন। একই সঙ্গে সত্য কথা বললেও অন্যের অনুভূতির প্রতি সম্মান বজায় রাখেন।

স্পষ্টভাবে কথা বলার এই অভ্যাস পারস্পরিক বিশ্বাস বাড়ায় এবং সম্পর্ককে আরও সুন্দর করে তোলে।

সব মিলিয়ে, আকর্ষণীয় ব্যক্তিত্ব গড়ে ওঠে শুধু বাহ্যিক সৌন্দর্যে নয়, বরং মানুষের প্রতিদিনের আচরণ ও মানসিকতায়। অন্যকে সম্মান করা, মনোযোগ দিয়ে কথা শোনা, আত্মবিশ্বাসী থাকা এবং নিজের ভুল স্বীকার করার মতো অভ্যাসই একজন মানুষকে দীর্ঘদিন অন্যের মনে স্মরণীয় করে রাখতে পারে।

Advertisements