জরুরি কাজ ফেলে রাখেন? জেনে নিন এর পেছনের মনস্তাত্ত্বিক কারণ

জরুরি কাজ সামনে থাকলেও অনেকেই তা শুরু করতে দেরি করেন। ভাবেন, একটু পরে শুরু করবেন কিংবা আগামীকাল করলেই হবে। এভাবে দিনের পর দিন কাজ জমতে থাকে। একপর্যায়ে অসমাপ্ত কাজের চাপ, অপরাধবোধ ও উদ্বেগ ঘিরে ধরে। মনোবিজ্ঞানে কাজ ফেলে রাখার এই প্রবণতাকে বলা হয় ‘প্রোক্রাস্টিনেশন’ (Procrastination)।
অনেকেই একে অলসতা, শৃঙ্খলার অভাব কিংবা সময় ব্যবস্থাপনায় অদক্ষতা মনে করেন। তবে মনোবিজ্ঞানের গবেষণা বলছে, এর পেছনে শুধু অলসতা নয়, কাজের সঙ্গে জড়িয়ে থাকা ভয়, উদ্বেগ, হতাশা ও অস্বস্তিকর আবেগও ভূমিকা রাখতে পারে।
কাজ শুরু করতে গেলেই কেন পিছিয়ে যান?
কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা প্রয়োজন, তা জানা সত্ত্বেও অনেকে কাজ শুরু করতে পারেন না। কারণ কাজটি করতে গেলে কেমন অনুভূতি হতে পারে, তা আগেই অনুমান করেন। সেই অনুভূতি হতে পারে ভয়, অপরাধবোধ, উদ্বেগ কিংবা ব্যর্থতার আশঙ্কা।
মনোবিজ্ঞানী ফুশিয়া সিরোয়িস ও টিমোথি পাইচিল ২০১৩ সালে ‘সোশ্যাল অ্যান্ড পার্সোনালিটি সাইকোলজি কম্পাস’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় কাজ ফেলে রাখার প্রবণতার সঙ্গে আবেগ নিয়ন্ত্রণের সম্পর্ক তুলে ধরেন।
গবেষকদের মতে, অনেক ক্ষেত্রে কাজ পিছিয়ে দেওয়া হলো সাময়িকভাবে নিজের মানসিক অস্বস্তি কমানোর চেষ্টা। অর্থাৎ, কঠিন বা উদ্বেগজনক কাজটি এড়িয়ে অন্য কিছু করার মাধ্যমে মানুষ সাময়িক স্বস্তি খোঁজে।
ধরা যাক, আপনাকে একটি গুরুত্বপূর্ণ উপস্থাপনার প্রস্তুতি নিতে হবে। কীভাবে শুরু করবেন, সে ধারণাও আপনার রয়েছে। কিন্তু নিজের চিন্তাগুলো গুছিয়ে নেওয়া, সঠিক শব্দ নির্বাচন কিংবা অন্যদের সামনে বক্তব্য উপস্থাপনের কথা ভাবতেই উদ্বেগ তৈরি হচ্ছে। তখন কাজটি শুরু না করে ফোন দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কিংবা সহজ কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ছেন।
এতে সাময়িকভাবে চাপ কমলেও মূল কাজটি অসমাপ্ত থেকে যায়। বরং সময় কমে আসায় পরবর্তী সময়ে কাজটি আরও বেশি চাপের কারণ হয়ে দাঁড়ায়।
শুধু সময় ব্যবস্থাপনার সমস্যাই নয়
কাজ ফেলে রাখার পেছনে একাধিক কারণ থাকতে পারে। মনোবিজ্ঞানী পিয়ার্স স্টিল ২০০৭ সালে ‘সাইকোলজিক্যাল বুলেটিন’ জার্নালে প্রকাশিত এক মেটা-বিশ্লেষণে এ বিষয়ে ৬৯১টি গবেষণার ফলাফল পর্যালোচনা করেন।
সেখানে কাজের প্রতি অনীহা, আবেগপ্রবণতা, নিজের সক্ষমতার ওপর আস্থার অভাব এবং কাজের ফলাফল পেতে দীর্ঘ সময় লাগার মতো বিষয়গুলোকে কাজ পিছিয়ে দেওয়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়।
কোনো কাজ কঠিন, একঘেয়ে কিংবা অপছন্দনীয় মনে হলে সেটি শুরু করতে অনীহা তৈরি হতে পারে। আবার নিজের দক্ষতা নিয়ে সন্দেহ থাকলেও কাজটি পিছিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়।
যেমন, কাউকে নিজের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আবেদনপত্র লিখতে হবে। কিন্তু তিনি বারবার ভাবছেন, লেখাটি কেমন হবে, নিজের অর্জনগুলো যথেষ্ট ভালো কি না কিংবা অন্যরা কীভাবে মূল্যায়ন করবে। এসব চিন্তায় সময় কাটতে কাটতে কাজটি আরও কঠিন মনে হতে থাকে।
আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন
কাজ ফেলে রাখার প্রবণতা কমাতে আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
২০১৬ সালে ‘লার্নিং অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, অস্বস্তিকর আবেগ সামলানোর সক্ষমতা বাড়ালে কাজ পিছিয়ে দেওয়ার প্রবণতা কমতে পারে।
মার্কাস একার্ট, ডেভিড এবার্টসহ একদল গবেষকের পরিচালিত ওই গবেষণায় আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা ও কাজ ফেলে রাখার প্রবণতার সম্পর্ক বিশ্লেষণ করা হয়। গবেষণায় আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা বাড়ানোর মাধ্যমে গড়িমসি কমানোর সম্ভাবনাও পরীক্ষা করা হয়।
গবেষণার ফলাফল অনুযায়ী, অস্বস্তিকর আবেগ সহ্য করা এবং সেগুলো সামলানোর দক্ষতা অর্জন কাজ শুরু করতে সহায়তা করতে পারে।
এ ক্ষেত্রে পুরো কাজ একবারে শেষ করার চিন্তা না করে ছোট একটি পদক্ষেপ দিয়ে শুরু করা যেতে পারে। যেমন, কোনো প্রতিবেদন লিখতে হলে প্রথমে শুধু প্রয়োজনীয় নথি খোলা, নির্দেশনা পড়া কিংবা কয়েকটি প্রাথমিক চিন্তা লিখে রাখা।
এভাবে কাজকে ছোট ছোট অংশে ভাগ করলে তা আর অতটা কঠিন মনে হয় না। একই সঙ্গে কাজ শুরুর মানসিক চাপও কমে আসে।
নিজের প্রতি সদয় থাকুন
কাজ সময়মতো শেষ করতে না পারলে অনেকেই নিজেকে অলস, অদক্ষ কিংবা দায়িত্বজ্ঞানহীন ভাবতে শুরু করেন। কিন্তু বারবার নিজেকে দোষারোপ করলে মানসিক চাপ আরও বাড়তে পারে। ফলে কাজ শুরু করাও কঠিন হয়ে পড়ে।
তাই কাজ ফেলে রাখার প্রবণতা কাটাতে প্রথমে এর পেছনের কারণ বোঝার চেষ্টা করা জরুরি। নিজের আবেগ ও চিন্তাগুলো লিখে রাখা, দিনের অভিজ্ঞতা পর্যালোচনা করা কিংবা নির্দিষ্ট কোনো কাজের কথা ভাবলে কেমন অনুভূতি হয়, তা শনাক্ত করা সহায়ক হতে পারে।
মাঝেমধ্যে বিরতি নেওয়া প্রয়োজন। তবে বিরতি আর দায়িত্ব এড়িয়ে যাওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। বিশ্রাম মানুষকে সতেজ করে, কিন্তু বারবার কাজ পিছিয়ে দিলে তা কর্মক্ষমতা ও মানসিক স্বস্তি দুটিই কমিয়ে দিতে পারে।
মনে রাখতে হবে, কাজ শুরু করার জন্য সব সময় অনুপ্রেরণার অপেক্ষা করতে হয় না। অনেক সময় ছোট একটি পদক্ষেপই বড় কাজ শেষ করার পথ তৈরি করে।
তাই কোনো জরুরি কাজ আগামীকালের জন্য রেখে দেওয়ার আগে নিজেকে একবার প্রশ্ন করুন—আজই কেন শুরু করবেন না?



