বিচ্ছেদের সিদ্ধান্তের পর স্বামীর নামের ট্যাটুও মুছছেন স্বপ্না

স্বামী বীর সাহুর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তের পর এবার তার নামের ট্যাটুও মুছে ফেলছেন হরিয়ানভি মডেল ও নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, কবজিতে থাকা স্বামীর নামের ট্যাটু সরাতে লেজার চিকিৎসা নিচ্ছেন তিনি। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত জানানোর কয়েক দিন পরই সামনে এল ট্যাটু মুছে ফেলার এই খবর। এর আগে স্বপ্না নিজেই বিচ্ছেদের আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছিলেন। বীর সাহুর সঙ্গে তাঁর দুই সন্তান রয়েছে।

সম্প্রতি এনএমএফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সংসার ভাঙার সিদ্ধান্ত নিয়ে কথা বলেন স্বপ্না। তিনি জানান, তাদের বিচ্ছেদের প্রকৃত কারণ কেবল তিনি ও বীর সাহুই জানেন। সম্পর্ক যত দিন ভালোভাবে চলেছে, তত দিন তারা একসঙ্গে থাকার চেষ্টা করেছেন। তবে একটা সময় দুজনই বুঝতে পেরেছেন, এবার আলাদা হয়ে যাওয়াই ভালো।
সাক্ষাৎকারে ভালোবাসা ও সম্পর্ক নিয়ে নিজের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন এই নৃত্যশিল্পী। তার মতে, ভালোবাসা কেবল শারীরিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে আত্মিক বন্ধন ও আবেগ জড়িয়ে থাকে। নারী ও পুরুষের ভালোবাসার ধরনেও পার্থক্য রয়েছে বলে মনে করেন তিনি।
স্বপ্নার ভাষায়, পুরুষেরা তুলনামূলক বেশি বাস্তববাদী হলেও নারীরা অনেক সময় আবেগের বশে সিদ্ধান্ত নেন। তার এসব মন্তব্যের মধ্যে সম্পর্কের বিশ্বাসভঙ্গের ইঙ্গিত খুঁজে পেয়েছেন অনেকে।
উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে ঘরোয়া আয়োজনে বীর সাহুকে বিয়ে করেন স্বপ্না। তবে শুরুতে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসেনি। প্রথম সন্তানের জন্মের পর তাঁদের বিয়ের বিষয়টি সামনে আসে। বর্তমানে তাদের দুই সন্তান রয়েছে।
হরিয়ানভি বিনোদনজগতের পরিচিত মুখ স্বপ্না চৌধুরী। গান ও নাচের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পরবর্তী সময়ে রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১১তম মৌসুমে অংশ নিয়ে আরও ব্যাপক পরিচিতি পান এই শিল্পী।



