৩৫ বছরের বন্ধুত্ব, ঐশ্বরিয়াকে আজও ভোলেননি শায়না

দীর্ঘ ৩৫ বছর পেরিয়ে গেলেও পুরোনো বন্ধুত্বে এতটুকু ভাটা পড়েনি বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন ও ফ্যাশন ডিজাইনার শায়না এনসির। দীর্ঘদিন পর সম্প্রতি এক অনুষ্ঠানে দেখা হয়েছে তাদের। সেখানে স্বামী অভিষেক বচ্চনকে নিয়ে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়া। পুরোনো বন্ধুর সঙ্গে এই দেখা হওয়ার মুহূর্ত ক্যামেরাবন্দি করেন শায়না। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ করে স্মৃতিচারণা করেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ঐশ্বরিয়া ও অভিষেকের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন শায়না। ছবির সঙ্গে দেওয়া পোস্টে তিনি লেখেন, কিছু বন্ধুত্ব টিকিয়ে রাখতে নিয়মিত যোগাযোগের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু পারস্পরিক বিশ্বাসের।
বন্ধুত্বের শুরুর সময়ের কথা স্মরণ করে শায়না জানান, তার বয়স যখন ১৮ বছর, তখন তিনি ফ্যাশন ডিজাইনার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। সে সময় ঐশ্বরিয়া ছিলেন মিস ওয়ার্ল্ড। দীর্ঘ ৩৫ বছর পরও তাদের সম্পর্কের আন্তরিকতা আগের মতোই রয়েছে। দেখা হলে তাঁরা যেন পুরোনো দিনের জায়গা থেকেই কথাবার্তা শুরু করতে পারেন।
ঐশ্বরিয়া ও অভিষেকের সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা জানিয়ে শায়না আরও লেখেন, তাদের সঙ্গে সময় কাটিয়ে দারুণ ভালো লেগেছে। সম্পর্কের মধ্যে কোনো আনুষ্ঠানিকতা বা ভান নেই; বরং রয়েছে দীর্ঘদিনের পরিচয় থেকে তৈরি হওয়া আপনত্ব। কিছু সম্পর্কের গভীরতা বোঝাতে আলাদা করে কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না।
পুরোনো বন্ধুত্বের সবচেয়ে সুন্দর দিক হিসেবে স্বাচ্ছন্দ্যের কথা উল্লেখ করেন শায়না। তার মতে, কয়েক মাস কিংবা কয়েক বছর পর দেখা হলেও পুরোনো বন্ধুদের সঙ্গে মনে হয় যেন গতকালই দেখা হয়েছিল।
ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্কের স্মৃতিচারণা করতে গিয়ে শায়না জানান, তাদের বন্ধুত্বের শুরু অনেক আগে। ঐশ্বরিয়া তার নকশা করা শাড়িও পরেছেন। এমনকি ফ্যাশন ডিজাইনার হিসেবে ক্যারিয়ারের শুরুর দিকে যখন তিনি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখনো পাশে ছিলেন এই অভিনেত্রী। ক্যানসার আক্রান্ত রোগীদের সহায়তায় শায়নার বিভিন্ন সামাজিক উদ্যোগেও সমর্থন দিয়েছেন ঐশ্বরিয়া।
এদিকে ঐশ্বরিয়াকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে পরিচালক মণি রত্নমের ‘পন্নিয়িন সেলভান ২’ সিনেমায়। বিশ্বজুড়ে ৩০০ কোটি রুপির বেশি আয় করা ছবিটি বক্স অফিসে সফলতা পেয়েছিল। তবে এখনো নতুন কোনো সিনেমায় অভিনয়ের ঘোষণা দেননি এই অভিনেত্রী।



