ওটিলিয়ার পর ঢাকায় শাকিরা

বাংলাদেশে আন্তর্জাতিক সংগীত আয়োজনের ধারাবাহিকতায় এবার বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা করছে ই-মেকার্স বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে তার কনসার্ট। তবে এখনো শাকিরার বাংলাদেশ সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। তিনি জানান, আগামী বছরের এপ্রিলে শাকিরার কনসার্ট আয়োজনের সম্ভাবনা নিয়ে কাজ করছেন তারা।
শাকিরা বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী। ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পান তিনি। তার জনপ্রিয় গান ও ব্যতিক্রমী পরিবেশনা তাকে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে বিশেষ অবস্থান এনে দিয়েছে।

আয়োজকদের পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের দর্শকদের সামনে সরাসরি পারফর্ম করবেন এই আন্তর্জাতিক সংগীত তারকা। সে ক্ষেত্রে এটি দেশের সংগীতাঙ্গনে অন্যতম বড় আন্তর্জাতিক আয়োজন হিসেবে বিবেচিত হতে পারে।
তবে কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য, টিকিট বিক্রির সময়সূচি কিংবা অন্যান্য বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। শিল্পী বা তার প্রতিনিধিদের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে আপাতত শাকিরার ঢাকায় আসার বিষয়টি পরিকল্পনার পর্যায়েই রয়েছে।

এদিকে শুক্রবার ওটিলিয়ার কনসার্ট সফলভাবে আয়োজন করায় পৃষ্ঠপোষক, সাংবাদিক, সরকার, প্রশাসন ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজক নাঈম আশরাফ।



